দেশে ফেরার প্রতীক্ষায় ভারতের দুই কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুমনা কুমারী,সংগীতা মণ্ডল
সুমনা কুমারী,সংগীতা মণ্ডল

সংগীতা মণ্ডল (১৩) ও সুমনা কুমারী (২০) ভারতের নাগরিক। তাদের একজন ফরিদপুর ও অন্যজন বরিশালের সেফ হোমের নিবাসী।
দুজনই ফিরে যেতে চায় নিজ দেশে। কিন্তু কীভাবে তারা ফিরবে, তা তাদের জানা নেই। জানে না সেফ হোম কর্তৃপক্ষও।
সংগীতা মণ্ডল কথা বলতে পারলেও সুমনা বাক্প্রতিবন্ধী। সুমনা আছেন ফরিদপুর সেফ হোমে। সুমনার ঠিকানা বা মা-বাবার নাম কিছুই জানা যায়নি। তিনি কথা বলতে না পরলেও হিন্দিতে কিছু লিখতে পারেন। তবে তাঁর লেখা থেকে পরিবার-স্বজনদের কোনো ঠিকানা বের করা সম্ভব হয়নি। তাই দুই মাস ধরে তাঁকে ফরিদপুরের সেফ হোমে থাকতে হচ্ছে।
ফরিদপুর সেফ হোম সূত্রে জানা যায়, সংগীতা গত ৯ মার্চ মাদারীপুরের কালকিনি উপজেলার ঘটকচর বাসস্ট্যান্ড এলাকায় ও সুমনা গত ২৯ আগস্ট মাদারীপুরের ডাসার এলাকায় ঘোরাফেরা করার সময় পুলিশ তাদের আটক করে। পরে ডাসার থানার পুলিশ সুমনাকে মাদারীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে ৩০ আগস্ট ফরিদপুর সেফ হোমে পাঠান।
ফরিদপুর সেফ হোমের কারিগরি প্রশিক্ষক ডলি রাণী সাহা বলেন, ‘আমরা সুমনাকে তাঁর স্বজনদের হাতে তুলে দিতে চাই। কিন্তু ভারতীয় নাগরিক হওয়ায় এবং প্রকৃত ঠিকানা না জানায় সমস্যা হচ্ছে। আমরা কোনো পথ বের করতে পারছি না।’
বরিশালের সেফ হোমে আছে সংগীতা মণ্ডল। সে বলে, তাদের বাড়ি ভারতের পশ্চিম-দক্ষিণ বাংলার কুন্তি থানার বুরগাছি গ্রামে। তার বাবা মৃত গুরুপদ মণ্ডল।
ডলি রাণী সাহা জানান, ১০ মার্চ মাদারীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদেশে সংগীতাকে ১৩ মার্চ প্রথমে ফরিদপুর সেফ হোমে আনা হয়। গত ২৬ এপ্রিল আদালতের নির্দেশে তাকে বরিশাল সেফ হোমে স্থানান্তর করা হয়।
বরিশাল সেফ হোমে ইউনিসেফের প্রতিনিধি হিসেবে কাজ করছেন ইসরাত জাহান। তিনি প্রথম আলোকে বলেন, সংগীতা জানিয়েছে বাবার মৃত্যুর পর সে কাকার সংসারে ছিল।
বরিশাল সেফ হোমের উপতত্ত্বাবধায়ক শ্যামল সেনগুপ্ত গত রোববার প্রথম আলোকে বলেন, ‘সংগীতার কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ করা যায়। সে যে ঠিকানা আমাদের জানিয়েছে, তা ঠিক কি না, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। তবে তাকে কীভাবে তার দেশে পাঠাব, এ ব্যাপারে কোনো পথ খুঁজে পাচ্ছি না। সে সেফ হোমের অন্য নিবাসীদের সঙ্গে ভালোই আছে।’