
বাংলাদেশ থেকে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, স্বদেশে ফেরার অধিকার অর্জনের জন্য তাঁর লড়াই থামবে না। তিনি বারবার প্রত্যাখ্যাত হলেও বাংলাদেশি পাসপোর্ট নবায়নের জন্য তিনি চেষ্টা চালিয়েই যাবেন। খবর বিবিসি বাংলার।
নির্বাসনের ২০ বছরের প্রাক্কালে বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে নাসরিন অভিযোগ করেন, ‘ধর্মান্ধ একটা ক্ষুদ্র গোষ্ঠীর’ ভয়েই শেখ হাসিনা, খালেদা জিয়া বা তত্ত্বাবধায়ক সরকার কেউই তাঁকে এত দিন দেশে ফিরতে দেয়নি। তাঁর ব্যাপারে দিল্লি যাতে ঢাকার সঙ্গে কথা বলে, ভারতের নতুন সরকারের প্রতি তিনি সেই আরজিও জানিয়েছেন।
১৯৯৪ সালের মাঝামাঝি বাংলাদেশ থেকে নির্বাচনের পরে তসলিমা নাসরিন সুইডেন-আমেরিকা-ফ্রান্স-কলকাতাসহ নানা দেশ, শহর ঘুরে প্রায় বছর তিনেক হলো দিল্লিই তাঁর ঠিকানা। চাইলেও তসলিমা নাসরিন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে ফিরতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যত দিন বাঁচব তত দিন আমার দেশে ফেরার লড়াই চলবে। হয়তো সেখানে থাকব, হয়তো থাকব না। কিন্তু মত প্রকাশের স্বাধীনতা অর্জনের জন্যই আমি আবার পশ্চিমবঙ্গে ফিরতে চাই, বাংলাদেশে ফিরতে চাই!’
তসলিমা জানান, এখনো নিয়ম করে কিছুদিন পর পরই মেয়াদ ফুরোনো পাসপোর্ট নিয়ে বাংলাদেশ হাইকমিশনে হাজিরা দেন তিনি। দূতাবাস তাঁকে বারবার ফিরিয়ে দেয়। কিন্তু কেন তাঁর আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে সে ব্যাপারে লিখিতভাবে কখনো তারা কিছু জানায়ও না। তসলিমার কথায়, ‘দূতাবাসের কর্মীরাও অনেকেই আমার প্রতি সহানুভূতিশীল। কিন্তু সরকারের নির্দেশের বাইরে যাওয়ার এখতিয়ার তো তাদেরও নেই!’
তসলিমা দাবি করেন, ‘তাঁদের (হাসিনা-খালেদা) মধ্যে হাজারটা বিষয়ে চুলাচুলি থাকতে পারে, কিন্তু আমার ব্যাপারে তাঁদের মধ্যে কোনো মতভেদ নেই। ঠিক একই রকমভাবে, পশ্চিমবঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় যদিও সিপিএমের সব বিষয়ে প্রতিবাদ জানান। কিন্তু তসলিমা নাসরিনের প্রশ্নে সিপিএমের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই!’
মোদির সরকারের কাছে আরজি
তসলিমা বলেন, ‘আমায় তাড়িয়ে মুসলিম ভোট মেলে এমন কিন্তু কোনো প্রমাণ নেই। ভারত সরকার যদি আমার প্রসঙ্গ বাংলাদেশের কাছে তোলেন তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকব। ভারত আমাকে আশ্রয় দিয়েছে, তারা মত প্রকাশের স্বাধীনতাকে কিছুটা হলেও মর্যাদা দিচ্ছে। শুধু সে জন্যই তাদের বাংলাদেশকে আমাকে ফিরিয়ে নেওয়ার কথাটা বলা দরকার!’