দেশে ফেরার স্বপ্ন দেখছে কৃষ্ণ ও অনিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের সীমান্ত সুজালি হয়ে মা-বাবার হাত ধরে অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকেছিল দুই কিশোর-কিশোরী কৃষ্ণ বর্মণ ও অনিতা বর্মণ। বাবা মদন বর্মণ ছিলেন ঠাকুরগাঁওয়ের বাসিন্দা। কিন্তু দুর্ভাগ্য ওরা চারজনেই ধরা পড়ে যায় পুলিশের হাতে। এরপর মা-বাবার ঠাঁই হয় কারাগারে। আর কৃষ্ণ ও অনিতার ঠাঁই হয় উত্তর দিনাজপুরের কর্ণঝরার সূর্যোদয় সরকারি হোমে। ইতিমধ্যে বিচারে জেল হয় মা ও বাবার। পরবর্তীকালে বাংলাদেশ সরকারের অনুমতিতে এদের দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ সরকার। গত ৩০ জুন এ চারজনকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ির ফুলবাড়ী সীমান্তে। বিএসএফ চারজনকে তুলে দেয় বিডিআরের হাতে। কিন্তু বিডিআর প্রয়োজনীয় অনুমতি না থাকায় ফিরিয়ে দেয় কৃষ্ণ ও অনিতাকে। অতি সম্প্রতি কিশোর-কিশোরী দুই ভাই-বোনকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা দিগন্ত। দিগন্ত যোগাযোগ করে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে। উপদূতাবাস এটা নিশ্চিত করে জানায় যে বন্দী কিশোর-কিশোরী বাংলাদেশের নাগরিক। তাদের বাংলাদেশ ফিরিয়ে নেবে। এ খবর শুনে অবশেষে মুখে হাসি ফুটেছে কৃষ্ণ ও অনিতার। কৃষ্ণের বয়স এখন ১৪ বছর আর অনিতার ১২।