দেশে বড় ভূমিকম্পের আশঙ্কা নেই: দুর্যোগ মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বড় মাপের ভূমিকম্পের আশঙ্কা নেই বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। তিনি এ বিষয়ে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। সাংসদ নূরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে গতকাল সোমবার সংসদে এ কথা জানিয়েছেন মন্ত্রী।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘আমার জানামতে, বাংলাদেশে বড় ভূমিকম্পের আশঙ্কা কম। কারণ, গত ২০০ বছরে এই অঞ্চলে ৮ মাত্রার ওপরে কোনো ভূমিকম্প হয়নি। রিখটার স্কেলে ৯-১০ মাত্রার ভূমিকম্প হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো প্রযুক্তি এখনো বিশ্বে নেই। তবে বাংলাদেশে স্বাভাবিক ভূমিকম্প হলে তা মোকাবিলার সব প্রস্তুতি সরকারের রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বছর বন্যা হলে তা মোকাবিলার জন্য পর্যাপ্ত গম, চাল ও টিন সরকারের কাছে মজুত আছে। কেউ ক্ষতিগ্রস্ত হলে তাদের পাঁচ বান্ডিল করে টিন দেওয়া হবে। সাংসদ সেলিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি বছর এ পর্যন্ত বজ্রপাতে ১৯২ জন মারা গেছে।

সৌদি আরবে নারীশ্রমিক পাঠানো বন্ধের চিন্তা নেই: জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বলেন, সৌদি আরবসহ বিদেশে নারীশ্রমিক পাঠানো বন্ধ হবে না। বর্তমানে সৌদি আরবসহ বিশ্বের ৬২টি দেশে ৪ লাখ ২১২ জন নারী কাজ করছেন।

কাজী ফিরোজ রশীদ সৌদি আরবে নারীশ্রমিকদের ওপর যৌন নির্যাতন হচ্ছে—এমন অভিযোগ করে সেখানে নারীশ্রমিক পাঠানো বন্ধ করা হবে িক না, জানতে চান। জবাবে নুরুল ইসলাম বলেন, অনেক সময় দেশে ফিরে আসার জন্য নারীশ্রমিকেরা নানা মিথ্যা কথা বলেন। অনেক নারীশ্রমিকের মধ্যে গৃহকাতরতা (হোম সিকনেস) কাজ করে। তখন তাঁরা ফিরে আসার জন্য নানা কাহিনি সৃষ্টি করেন। তাঁরা সেখানে গিয়ে ভাত খেতে চান। কিন্তু সৌদি আরবের মানুষ ভাত খায় না, রুটি খায়। তখন বাংলাদেশি শ্রমিকদের ভাত দেওয়া হয় না এমন অভিযোগ তোলেন।

উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, গত এক যুগে বিশ্বের ৬৮টি দেশে ৫ লাখ ৬ হাজার ৫০৬ জন নারী কর্মী গিয়েছেন। সবচেয়ে বেশি ১ লাখ ১৬ হাজার ৫৫০ জন নারী গিয়েছেন আরব আমিরাতে। এ ছাড়া লেবাননে ১ লাখ ১ হাজার ৩১২ জন, জর্ডানে ৯৭ হাজার ৩৩১ জন, সৌদি আরবে ৯১ হাজার ৬২৮ জন, ওমানে ৫০ হাজার ২২৩ জন নারীশ্রমিক গিয়েছেন।

সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে ইউরোপের ৪২টি দেশে ৭১ হাজার ৪৯৬ জন শ্রমিক কর্মরত আছেন।

এনামুল হকের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের অজ্ঞতা ও কিছু অসাধু রিক্রুটিং এজেন্সি ও দালালের দৌরাত্ম্যে বিদেশগামী কর্মীরা প্রতারণার শিকার হচ্ছেন। এ-সংক্রান্ত বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৯১টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির মালিকদের কাছ থেকে ১৮ কোটি ২১ লাখ ৭ হাজার ৯০০ টাকা ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেওয়া হয়েছে।