২০১৫ সালের মধ্যে বয়স্ক সাক্ষরতার ক্ষেত্রে যেসব দেশ জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন করতে পারবে না, সেসব দেশের তালিকায় আছে বাংলাদেশের নাম। যেসব দেশে বয়স্কদের মধ্যে ১০ মিলিয়নের বেশি অশিক্ষিত, সেসব দেশের মধ্যেও রয়েছে বাংলাদেশ। ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল, সায়েনটিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ইউনেসকো) প্রকাশিত ‘ইএফএ গ্লোবাল মনিটরিং রিপোর্ট ২০১২’-এর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বয়স্কদের মধ্যে ৪৪ মিলিয়নই অশিক্ষিত। বিশ্বব্যাপী ইএফএ বা সবার জন্য শিক্ষার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার কতটা অর্জিত হয়েছে, তা দেখার জন্যই ইউনেসকো প্রতিবছর এ প্রতিবেদন প্রকাশ করে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্যানবেইস ভবনে বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, সেভ দ্য চিলড্রেন এবং ইউনেসকো ঢাকা অফিস যৌথভাবে এ প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ পরিস্থিতি তুলে ধরতে গিয়ে সেভ দ্য চিলড্রেনের (বেসিক এডুকেশন) অনুষ্ঠান পরিচালক তালাত মাহমুদ বলেন, বাংলাদেশে শিশুদের প্রাক্-প্রাথমিক যত্ন ও শিক্ষার ক্ষেত্রে কিছু অর্জন আছে। তবে এ সুযোগ পাচ্ছে মাত্র ৫০ শতাংশ শিশু। শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির চিত্র ভালো হলেও ঝরে পড়ার হার উদ্বেগজনক। ২৭ শতাংশ শিশু প্রাথমিক বিদ্যালয়ের পড়া শেষ করতে পারে না। তা ছাড়া প্রতিবেদনে বয়স্ক সাক্ষরতার যে চিত্র দেওয়া আছে, তা খুবই হতাশাজনক। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে প্রতিবেদনের সারাংশ তুলে ধরেন সেভ দ্য চিলড্রেনের দেশীয় পরিচালক মাইকেল ম্যাকগ্রাথ ও ইউনেসকো ঢাকার অফিসার ইন চার্জ কিচি ওয়াসু। বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের সচিব আবু হেনা মোরশেদ জামান সমাপনী বক্তব্য দেন।