দেশে বসতভিটাহীন পরিবারের সংখ্যা ১৪ লাখ ৯১ হাজার
দেশে বসতভিটাহীন পরিবারের সংখ্যা ১৪ লাখ ৯১ হাজার ৮৫৫টি। আর শুধু বসতভিটা আছে এমন পরিবারের সংখ্যা ২১ লাখ ৬২ হাজার ৮০৩। বসতভিটাসহ পাঁচ শতাংশের কম ভূমি রয়েছে এমন পরিবারের সংখ্যা ৪০ লাখ ছয় হাজার ১৩৭। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে মেহের আফরোজের এক লিখিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী রেজাউল করিম এ তথ্য জানান। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপিত হয়। বেলা সোয়া তিনটায় সংসদের অধিবেশন শুরু হয়। অপর এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, সারা দেশে ভূমি জরিপের পরিকল্পনা সরকারের রয়েছে। বর্তমানে জোনাল সেটেলমেন্টের আওতায় ১০টি জোনে ৩৭টি জেলায় ২৬০টি উপজেলায় জরিপকাজ চলছে।অপর এক প্রশ্নের জবাবে সংসদকার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ কে খন্দকার বলেন, খুলনা বিভাগে নতুন একটি গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। জাতীয় পার্টির মাহজাবীন মোরশেদের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।পরিকল্পনামন্ত্রী বলেন, প্রয়োজনীয় জমির প্রাপ্যতাসাপেক্ষে খুলনা বিভাগের খুলনা-বাগেরহাট-গোপালগঞ্জ এলাকায় আরেকটি গার্লস ক্যাডেট কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা: নরসিংদীর সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের এক লিখিত প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম জানান, গেজেট অনুযায়ী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ২৯৩৯ জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। আর মন্ত্রণালয়ের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৮৯ হাজার ৮৯৯ জন, মুক্তিবার্তা অনুযায়ী এক লাখ ৮৬ হাজার ৭৯০ জন এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৪৬ হাজার ৭২৬ জন।মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকাভুক্তরণ ও তালিকাভুক্ত অমুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সব উপজেলায় বাছাই কমিটি এবং জেলায় আপিল কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সঠিক তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।অপু উকিলের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম জানান, বিগত চারদলীয় জোট সরকারের আমলে প্রণীত মুক্তিযুদ্ধবিষয়ক ইতিহাস বিকৃতিরোধে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ১৫ খণ্ড দলিল ও ইতিহাসগ্রন্থের তৃতীয় খণ্ডটি বাজেয়াপ্ত করা হয়েছে।