দেশে বার্ন ইনস্টিটিউট স্থাপনের আশ্বাস
বিনা মূল্যে উন্নয়নশীল দেশগুলোতে প্লাস্টিক সার্জারি প্রদানকারী ইন্টারপ্লাস্ট বাংলাদেশের বড় হাসপাতালগুলোতে বার্ন ইউনিট প্রতিষ্ঠার পাশাপাশি ঢাকায় একটি পৃথক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট স্থাপনের আশ্বাস দিয়েছে।
বার্তা সংস্থা বাসসের এক খবরে জানা গেছে, আজ রোববার সন্ধ্যায় ইন্টারপ্লাস্ট জার্মানি, ইন্টারপ্লাস্ট নেদারল্যান্ডস ও ইন্টারপ্লাস্ট হাঙ্গেরির নয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে এই আশ্বাস দেন। জার্মানির ডুয়িজবার্গের বিজিইউ হাসপাতালের প্রখ্যাত প্লাস্টিক, বার্ন ও হ্যান্ড সার্জারির সার্জন প্রফেসর হেইঞ্জ হার্বার্ট হোমান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
হোমান বলেন, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ একটি বড় দেশ। অগ্নিদগ্ধদের ভালো চিকিৎসা দেওয়ার জন্য এ দেশে একটি পৃথক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট স্থাপন করা যেতে পারে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, এটি বিশ্বের বৃহত্তম বার্ন ইউনিট।
দরিদ্র ও নিরীহ মানুষকে পেট্রলবোমা মেরে হত্যার বিষয়টি প্রধানমন্ত্রী তুলে ধরলে হোমান বলেন, এভাবে মানুষ হত্যা খুবই অমানবিক।
হোমান ইন্টারপ্লাস্ট ও বাংলাদেশের চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কর্মসূচি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। বার্ন ও প্লাস্টিক সার্জারির ওপর প্রশিক্ষণের ব্যাপারে আলাপকালে প্রধানমন্ত্রী এবং প্রতিনিধি দলের নেতা এ ক্ষেত্রে জার্মানি, হাঙ্গেরি, নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যে কর্মসূচি বিনিময় করা যেতে পারে বলে মত প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রাথমিকভাবে আরও দু’টি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করবে। চিকিৎসা খাতে উচ্চশিক্ষা নিশ্চিতকরণে সব বিভাগীয় শহরে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও পরিকল্পনা আছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেন প্রধানমন্ত্রীকে জানান, বার্ন ও প্লাস্টিক সার্জনদের সমন্বয়ে গঠিত এই ইন্টারপ্লাস্ট প্রতিনিধিদলটি ৪ এপ্রিল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ৪৪ জন অগ্নিদগ্ধ রোগীর সার্জারি করেছে।
এ সময় অধ্যাপক হাবিবে মিল্লাত, ‘ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশন-জার্মানি’-এর সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য হাসানাত মিয়া, এনআইবিপিএস-এর প্রধান আবদুল মান্নান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।