দেশে বাল্যবিবাহের হার ৬৬ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বাল্যবিবাহের হার ৬৬ শতাংশ। ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই তাদের বিয়ে হয়ে যাচ্ছে। এর অধিকাংশই মেয়েশিশু।

জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে ১০টি মানবাধিকার সংগঠন ও সংস্থার সমন্বয়ে গঠিত ‘চাইল্ড রাইট অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ’ নামের একটি মোর্চা এ তথ্য তুলে ধরে। জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) তথ্যের ভিত্তিতে তারা এ কথা জানায়।

জাতিসংঘ শিশু অধিকার সনদের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন ইমরানুল হক চৌধুরী। তিনি বলেন, সরকার প্রাথমিক শিক্ষায় ভর্তির ক্ষেত্রে সফলতা দেখিয়েছে, কিন্তু দরিদ্রতা, অসমতা ও শিক্ষানীতির যথাযথ বাস্তবায়নের অভাবে অনেক শিশু স্কুল থেকে ঝরে পড়ছে।

লিখিত বক্তব্যে বলা হয়, গত কয়েক বছরের জাতীয় বাজেটে শিশুদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ কম। এ অবস্থা থেকে বের হতে বাজেটে শিশুদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ রাখা, মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর বহাল রাখা এবং শিশু সুরক্ষার বিষয়গুলো পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করাসহ কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়।

শিশু সনদের ২৫ বছর পূর্তিতে এ সংগঠন বা সংস্থাগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অংশ নেওয়া মোর্চাভুক্ত ১০টি সংগঠন ও সংস্থা হচ্ছে অ্যাকশন এইড বাংলাদেশ, আইন ও সালিশ কেন্দ্র, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, এডুকো, চাইল্ড রাইট গভর্নেন্স নেটওয়ার্ক এবং টেরে ডেস হোমস নেদারল্যান্ডস। এই সংগঠনগুলোর কয়েকজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।