দেশে বিচারহীনতার সংস্কৃতি এখন গত: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক। প্রথম আলো ফাইল ছবি
আইনমন্ত্রী আনিসুল হক। প্রথম আলো ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দীর্ঘদিন দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু ছিল। কিন্তু এখন দেশে বিচারহীনতার সংস্কৃতি গত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে প্রতিটি অপরাধের, প্রতিটা অন্যায়ের আইনিভাবে বিচার হবে।

চট্টগ্রামের লালদীঘিতে আওয়ামী লীগের জনসভায় ২৪ জনকে গুলি করে হত্যা ও ঢাকায় সিপিবির সমাবেশে বোমা হামলার হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী এসব কথা বলেন। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে পাবনা জেলা আইনজীবী সমিতির নেতাদের কাছে সমিতির বইপুস্তক কেনা বাবদ ৩০ লাখ টাকার অনুদানের মঞ্জুরপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব নিয়ে কথা বলেন।

আনিসুল হক বলেন, এই দুটি মামলার বিচারের মাধ্যমে আবারও প্রমাণিত হলো, অপরাধীরা কেউই আইনের ঊর্ধ্বে নন, তাঁদের যতই ক্ষমতা থাকুক। সাময়িকভাবে ক্ষমতার দাপট দেখিয়ে হয়তো কেউ কিছুদিনের জন্য আইনের ঊর্ধ্বে আছেন বলে একটা ভ্রান্ত ধারণার মধ্যে থাকতে পারেন। কিন্তু অপরাধীদের শেষ পর্যন্ত আইনের আওতায় আসতেই হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে সাজা দিয়েছেন আদালত এবং তিনি সাজা ভোগ করছেন। তাঁর জামিনের আবেদন সর্বোচ্চ আদালত নাকচ করে দিয়েছেন। এখানে সরকারের কিছু করার নেই। সরকার এটা নিয়ে এখন ভাবছে না। এটা রাজনৈতিক মামলা নয়। মামলাটি করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা প্রমুখ।