জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। ব্যাংকের ৩৫ হাজার কোটি টাকা লুট হলো, কারও বিচার হয়নি। প্রায় ২০০ মেয়ে ধর্ষিত ও খুন হয়েছে, ১৩৬ শিশুকে হত্যা করা হয়েছে, কিন্তু কোনো বিচার হয়নি। যেখানে বিচারহীনতা চলে, সেখানে সুশাসন থাকে না।
গতকাল বুধবার পটুয়াখালীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এরশাদ।
এরশাদ আরও বলেন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি মানুষের অধিকার। কিন্তু সেই অধিকার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। স্বাভাবিক মৃত্যু হবে কি না, এটা নিয়ে সবাই শঙ্কিত।
সম্মেলন শেষে জাতীয় পার্টির জেলা সভাপতি হিসেবে আবদুর রাজ্জাক খান ও সাধারণ সম্পাদক হিসেবে খায়রুল আলম মামুনের নাম ঘোষণা করেন এরশাদ।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুর রাজ্জাক খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের।