দেশে বিচারাধীন দেওয়ানি মামলা সাড়ে নয় লাখ
দেশে অধস্তন আদালতগুলোয় নয় লাখ ৬৮ হাজার ২২টি দেওয়ানি মামলা এখনো বিচারাধীন। এর মধ্যে জ্যেষ্ঠ সহকারী জজ বা সহকারী জজ আদালতে বিচারাধীন মামলার সংখ্যাও অনেক।
সুপ্রিম কোর্ট এক চিঠিতে বিচারাধীন মামলার এসব তথ্য দিয়ে বলেছে, জ্যেষ্ঠ সহকারী জজ বা সহকারী জজ আদালতে কোনো স্টেনোগ্রাফার নেই। এ অবস্থায় প্রতিটি জ্যেষ্ঠ সহকারী জজ বা সহকারী জজ আদালতের জন্য একটি করে স্টেনোগ্রাফার পদ (সাঁটলিপিকার) সৃজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট।
চিঠিতে বলা হয়, বিচারাধীন নয় লাখ ৬৮ হাজার ২২টি দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি না হওয়ায় বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। জ্যেষ্ঠ সহকারী জজ বা সহকারী জজ আদালতের কোনো স্টেনোগ্রাফার না থাকায় বিচারকদের নিজ নিজ আদালতের বিচারিক কাজের (এজলাসে মামলার শুনানি গ্রহণ, সাক্ষ্য লিপিবদ্ধ করা, বিচারিক নথি বিশ্লেষণ ইত্যাদি) পাশাপাশি মামলার রায় ও ও আদেশসহ গুরুত্বপূর্ণ সব কাজ নিজ হাতে লিখতে হয়। সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করাসহ মামলার রায় বা আদেশ নিজ হাতে লিখতে অনেক সময় ব্যয় হয়। ফলে আদালতগুলোতে একটি করে স্টেনোগ্রাফার পদ সৃজন করা হলে বিচারকেরা তাঁর পুরোটা সময় বিচারিক কাজে ব্যয় করতে পারবেন। এতে আরও বেশিসংখ্যক মামলা নিষ্পত্তি করতে পারবেন।
যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান শনিবার প্রথম আলোকে বলেন, ‘কাজের প্রকৃতির কারণেই যেকোনো বিচারকের জন্য একজন স্টেনোগ্রাফার অপরিহার্য। বিচারকের রায়, আদেশ ও নোট দ্রুত শ্রুতলিপির স্টেনোগ্রাফাররা নিতে পারেন। বিশ্বের বিভিন্ন দেশে বিচারকদের পদমর্যাদা ক্রমনির্বিশেষে এ বিধান আছে। আমাদের দেশে বিচারিক হাকিমদের জন্য এ ব্যবস্থা থাকলেও দেওয়ানি আদালতে কোনো স্টেনোগ্রাফার নেই। স্টেনোগ্রাফার নিয়োগের ব্যবস্থা করা হলে মামলা নিষ্পত্তিতে আরও গতিশীলতা আসবে।’