দেশে বিজ্ঞানচর্চা নিয়ে হতাশার কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, দেশে বিজ্ঞান শিক্ষা ও চর্চা কমে গেছে বলে অনেকে হা-হুতাশ করেন। কিন্তু সত্য হচ্ছে, বিজ্ঞানচর্চা নিয়ে হতাশার কিছু নেই। বিজ্ঞান প্রতিটি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এ জাতি বিজ্ঞানমনস্ক। দেশে বিজ্ঞানের ভবিষ্যৎ উজ্জ্বল। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকা ও চট্টগ্রাম জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল হক খান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়।
মন্ত্রী বলেন, চট্টগ্রামে শিগগিরই নভোথিয়েটার ও হাইটেক পার্কের কাজ শুরু হবে।
এসএসসি পর্যন্ত শিক্ষায় বিজ্ঞানকে বাধ্যতামূলক করার পরামর্শ দেন মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, একসময় শিক্ষায় বিজ্ঞানকে প্রাধান্য দেওয়া হতো। কিন্তু এখন এর প্রতি আগ্রহ কমে গেছে।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বিজ্ঞানের প্রয়োজনীয়তা নিয়ে কারও কোনো দ্বিমত নেই। আগামী প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে এ খাতের সমস্যাগুলোকে চিহ্নিত করে এর সমাধান খুঁজে বের করতে বলেন তিনি।
বিজ্ঞান ও প্রযুক্তিসচিব বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ৫০ বছর পূর্ণ হয়েছে। এর সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান চট্টগ্রামকে দিয়েই শুরু হলো।
অনুষ্ঠানে ‘জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৌশিক দেব। বিজ্ঞানচর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহিন মো. আসিফ ইকবাল ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষক আমিনা আকতার।
আলোচনা অনুষ্ঠানের আগে সার্কিট হাউস থেকে শোভাযাত্রা বের করা হয়।