দেশে-বিদেশে বিমানের দুটি উড়োজাহাজ বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন ধরে সিঙ্গাপুরে বিকল হয়ে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ (বোয়িং ৭৩৭)। ফলে ওই উড়োজাহাজে ঢাকায় আসা দেড় শতাধিক যাত্রীও সে দেশে আটকা পড়েছেন। তাঁদের হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে বিমান সূত্র জানিয়েছে।গতকাল সোমবার সকালে কলকাতাগামী ফ্লাইট নিয়ে যাওয়ার আগে ঢাকায় বিকল হয়ে পড়ে আরেকটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। ফলে কলকাতার ফ্লাইটটি যেতে পারেনি।বিমানের ফ্লাইট পরিচালনা শাখা সূত্র জানায়, ভাড়ায় আনা এই দুটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, মাস্কাট, কাঠমান্ডু ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করা হয়। উড়োজাহাজ দুটি বিকল হওয়ার কারণে গত রোববার রাতের বিমানের কুয়ালালামপুরের ফ্লাইট যায়নি। গতকালের ব্যাংককের ফ্লাইট এক দিন পিছিয়েছে। দুই ঘণ্টা বিলম্বিত হয়েছে গতকালের মাস্কাট ফ্লাইট।বিমানের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত শনিবার সিঙ্গাপুর থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসার কথা ছিল বোয়িং ৭৩৭ উড়োজাহাজের। বেলা তিনটার দিকে উড্ডয়নের আগ মুহূর্তে উড়োজাহাজটিতে বিপত্তি দেখা দেয়। উড়োজাহাজাটি ‘স্পার বাল্ব’ নামে একটি যন্ত্রাংশ (যার মাধ্যমে ইঞ্জিনে তেল সরবরাহ হয়) বিকল হওয়ায় এ সমস্যা হয়েছে।জানতে চাইলে বিমানের প্রধান প্রকৌশলী দেবব্রত বণিক প্রথম আলোকে বলেন, উড়োজাহাজটি ভাড়ায় আনা। তাই এর সব খুচরা যন্ত্রাংশ বিমানের গুদামে মজুত নেই। সিঙ্গাপুর এয়ারলাইনসের কাছেও এটি পাওয়া যায়নি। তাই যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে স্পার বাল্বটি আনা হচ্ছে। সোমবার রাতের মধ্যে এটি সিঙ্গাপুরে পৌঁছতে পারে। আজ মঙ্গলবার উড়োজাহাজটি সচল করে ঢাকায় আনা যাবে বলে তিনি আশাবাদী।আর গতকাল বিকল হওয়া অপর উড়োজাহাজটির ইলেকট্রিক ইঞ্জিন কন্ট্রোল (ইইসি) সমস্যার কারণে এর ইঞ্জিন চালু হচ্ছিল না। যন্ত্রাংশটি দ্রুত সংগ্রহ করে উড়োজাহাজটি চালু করার চেষ্টা চলছে বলে জানানো হয়।নতুন এমডির যোগদান: বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কেভিন জন স্টিল গতকাল সোমবার যোগদান করেছেন। বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ খাতে ৩০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কেভিন স্টিল ব্রিটিশ এয়ারওয়েজের মাধ্যমে পেশাজীবন শুরু করেন। পরে তিনি ইতিহাদ এয়ারওয়েজ বিক্রয় ও বিতরণ শাখার প্রধান ছিলেন। সর্বশেষ তিনি নাইজেরিয়ার এরিক এয়ারলাইনসের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট (বাণিজ্যিক) পদে কর্মরত ছিলেন।