
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৯৬ সালে রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকেই তাঁর সরকার রেল পুনর্গঠনে উদ্যোগী হয়েছে। দেশে বুলেট ট্রেন ও পাতালরেল চালুর উদ্যোগও গ্রহণ করবে তাঁর সরকার।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রুটে দ্বিতীয় বিরতিহীন আন্তনগর ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই দিন তিনি ঢাকা-রাজশাহী রুটে সিল্কসিটি ট্রেনের পুরোনো বগি বাদ দিয়ে নতুন বগি সংযোজন করে এর চালনা উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী যান চলাচলের সুবিধার জন্য খিলগাঁও ফ্লাইওভারের লুপ খুলে দেওয়ার ঘোষণা দেন। কমলাপুর থেকে ফেরার পথে প্রগতি সরণি-বনশ্রী সংযোগ সড়কে নেমে প্রধানমন্ত্রী হাতিরঝিল প্রকল্পের সাউথ ইউলুপের ফলক উন্মোচন করে মোনাজাতে অংশ নেন।
নতুন ট্রেন সার্ভিস উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই ট্রেন সার্ভিস উদ্বোধন বাংলাদেশের যোগাযোগ ক্ষেত্রে এক নবতর অধ্যায়ের সংযোজন। নতুন ট্রেনে বাড়ি গিয়ে প্রিয়জনের সঙ্গে ঘরমুখী মানুষের এবারের ঈদ উদ্যাপনের মজাটাও আলাদা হবে।
২০০৯ সালে সরকার গঠনের পর তাঁর সরকার রেলের উন্নয়নে ৬২ হাজার ৮৯০ কোটি টাকার ৫৫টি নতুন প্রকল্প গ্রহণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরবর্তী সময়ে এ খাতে ৪২ হাজার ৬০১ কোটি টাকা ব্যয়ে ৪৫টি সংশোধিত প্রকল্প গ্রহণ করা হয়। যেগুলোর মধ্যে রয়েছে নতুন রেললাইন স্থাপন ও পুরোনো লাইন সংস্কার, অবকাঠামো উন্নয়ন, জনবল নিয়োগ এবং ডাবল লাইন নির্মাণ ইত্যাদি।
পদ্মা সেতুতে রেললাইন সংযুক্তিতে তাঁর সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন চট্টগ্রামের দোহাজারী থেকে রেললাইন ঘুমধুম সীমান্ত পর্যন্ত যাবে। বরিশাল পর্যন্ত রেলযোগাযোগের আওতায় আনার ব্যাপারে সরকারের পরিকল্পনার কথা জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাইকা, ভারত সরকারসহ সংশ্লিষ্ট দাতাগোষ্ঠীকে বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে এগিয়ে আসায় আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, রেলমন্ত্রী মুজিবুল হক, রেলসচিব ফিরোজ সালাউদ্দিন এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকার দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন, সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
১০টি বাস হস্তান্তর
শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা দূর করতে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ১০টি বাস হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী। গতকাল বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের কাছে শেখ হাসিনা বাসের চাবি হস্তান্তর করেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো রংপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ; সাভার ক্যান্টনমেন্টে প্রয়াস বিশেষায়িত স্কুল, নেত্রকোনা সরকারি কলেজ, রাঙামাটি সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা; কুড়িগ্রাম সরকারি কলেজ, যশোর সরকারি এমএম কলেজ এবং কক্সবাজার সরকারি কলেজ।