দেশে ব্যক্তিপর্যায়ে করদাতার সংখ্যা ২৫ লাখ ২০ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ব্যক্তিপর্যায়ে বর্তমানে টিআইএনধারী করদাতার সংখ্যা ২৫ লাখ ২০ হাজার ৫১৩ জন। বর্তমানে আয়কর বিভাগ সম্পূর্ণ ম্যানুয়েল পদ্ধতিতে আয়করদাতাদের তথ্য সংরক্ষণ করে। ভবিষ্যতে এই বিভাগে অটোমেশন পদ্ধতি চালুর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।জাতীয় সংসদে গতকাল রোববার সরকারি দলের মেহের আফরোজের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর-পর্বে বর্তমানে বিদেশে অবস্থানরত অর্থমন্ত্রীর পক্ষে প্রশ্নের জবাব দেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।১০ দিন বিরতির পর গতকাল বিকেলে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।সাহাবউদ্দিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে জানান, সৎ করদাতাদের উৎসাহিত করতে বিশেষ পরিচয়পত্র দেওয়া, রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ, বিমান ও বাসে বিশেষ সুবিধাসহ তাঁদের ভিআইপির মর্যাদা দেওয়ার কথা সরকার চিন্তা-ভাবনা করছে।ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে মোট ২০৮টি নিবন্ধিত শিপ ব্রেকিং ইয়ার্ড রয়েছে। এর মধ্যে ৬৪টি ইয়ার্ড কর্তৃক জাহাজ আমদানি করা হয়েছে। বিগত ১০ বছরে ২০৩ কোটি ৯০ লাখ ৭৪০ টাকা মূসক খাতে রাজস্ব আদায় হয়েছে। বর্তমানে জাহাজশিল্পের ওপর অগ্রিম মূল্য সংযোজন করের হার তিন শতাংশ। অর্থমন্ত্রীর পক্ষে পরিকল্পনামন্ত্রী লিখিত প্রশ্নের লিখিত জবাবের বাইরে সম্পূরক প্রশ্নের জবাব দেননি। তিনি নতুন করে নোটিশ দিতে বলেন।পুঁজিবাজারের জন্য ক্লিয়ারিং করপোরেশন: এ বি এম গোলাম মোস্তফার তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের পুঁজিবাজারের জন্য একটি পৃথক ক্লিয়ারিং করপোরেশন করার পদক্ষেপ নিয়েছে সরকার। পুঁজিবাজারকে দায়িত্বশীলভাবে পরিচালনার লক্ষ্যে বর্তমান সরকার নানা সংস্কারমূলক কার্যক্রম হাতে নিয়েছে। এর মধ্যে পুঁজিবাজারে ভালো সিকিউরিটি সরবরাহ, সরকারি মালিকানাধীন কোম্পানির শেয়ার পুঁজিবাজারে ছাড়ার পদক্ষেপসহ উন্নত ও মানসম্পন্ন মার্চেন্ট ব্যাংকার, সম্পদ ব্যবস্থাপক, ক্রেডিট রেটিং কোম্পানির মতো বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধন সনদ প্রদান উল্লেখযোগ্য।আগস্ট থেকে ভিওআইপির লাইসেন্স: শাহরিয়ার আলমের সম্পূরক প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, আগামী আগস্ট মাস থেকে ভিওআইপির লাইসেন্স দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। ভিওআইপির লাইসেন্স বর্তমানে বন্ধ রয়েছে। টেলিযোগাযোগ সংশোধনী আইনটি সংসদের চলতি অধিবেশনে পাস হওয়ার পর লাইসেন্স দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।এ বি এম আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মোবাইল কোম্পানি থেকে বর্তমান অর্থবছরে বিটিআরসি মোট ৬০৭ কোটি ৯০ লাখ টাকার রাজস্ব আদায় করেছে। জাতীয় রাজস্ব বোর্ড মোবাইল কোম্পানি থেকে বিভিন্ন ধরনের কর ও ভ্যাট আদায় করে। তিনি জানান, বেসরকারি মোবাইল কোম্পানিসমূহে সরকারের কোনো অংশীদারত্ব নেই। টেলিটক বাংলাদেশ লিমিটেড সরকারের শতভাগ মালিকানাধীন একটি কোম্পানি। ২০০৯-১০ অর্থবছরে টেলিটক সরকারকে সর্বমোট ৫৬ কোটি ১২ লাখ টাকা রাজস্ব দিয়েছে।আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বন্ধ হয়ে যাওয়া চারটি পিএসটিএন টেলিফোন অপারেটরের ২০০৮ সালের ৮ আগস্ট পর্যন্ত মোট বিনিয়োগ ছিল ৬৬৪ কোটি টাকা। এর মধ্যে ঢাকা টেলিফোন কোম্পানি লিমিটেড ১২২ কোটি, র‌্যাংকস টেলিকম লিমিটেড ২৪০ কোটি, ন্যাশনাল টেলিকম লিমিটেড ১৪৬ কোটি ও পিপলস টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের ১৫৬ কোটি টাকা বিনিয়োগ রয়েছে।