দেশে ভারতীয় তিন টিভি চ্যানেলের সম্প্রচার চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা—ভারতীয় এই টেলিভিশন চ্যানেলের বাংলাদেশে সম্প্রচার বন্ধ প্রশ্নে দেওয়া রুল খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ রায় দেন।
টিভি চ্যানেলের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানিয়েছেন, এই রায়ের ফলে বাংলাদেশে তিন চ্যানেলের সম্প্রচার চলবে। তবে ওই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী।
আদালতে রিটের পক্ষে আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু শুনানিতে অংশ নেন। স্টার জলসা ও স্টার প্লাসের পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু এবং জি বাংলার পক্ষে শুনানি করেন আইনজীবী শামসুল হাসান।
রায়ের পর মোতাহার হোসেন সাজু প্রথম আলোকে বলেন, রুল খারিজ হওয়ায় ওই তিন চ্যানেল বাংলাদেশে সম্প্রচার অব্যাহত রাখতে পারবে। রুল খারিজ হওয়ার বিষয়ে তিনি বলেন, মূল কারণ হচ্ছে, সম্প্রচারে যদি কোনো অশ্লীল দৃশ্য থাকে, যা দেখলে রাষ্ট্রীয় বা সামাজিক কোনো বিরোধ-অবক্ষয়ের সৃষ্টি হয়, সেসব ক্ষেত্রে কোনো ব্যক্তি কোথায় অভিযোগ করবেন, তা আইনে আছে। অথচ রিট আবেদনকারী এ ধরনের কোনো প্রক্রিয়া অনুসরণ না করে সরাসরি রিটটি করেন।
ওই তিন টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহীন আরা লাইলী ২০১৪ সালের অক্টোবরে রিটটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৯ অক্টোবর হাইকোর্ট রুল দেন।