দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তিনি বলেন, এখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশের মানবাধিকারবিষয়ক প্রতিবেদনেও একই কথা বলা হয়েছে। গতকাল রোববার দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল আরও বলেন, সরকার গণতন্ত্রের নামে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার জন্য জনগণের প্রতি তিনি আহ্বান জানান।মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি দীর্ঘদিন ধরেই বলে আসছে, দেশের মানবাধিকার-পরিস্থিতি খারাপ। সরকারের দমন, নিপীড়ন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বিএনপি বারবার বলে আসছিল। আর বাংলাদেশে বিচার বিভাগের দলীয়করণের বিষয়টিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে। বলা হয়েছে, বিরোধী পক্ষরা এখানে বিচার পাবেন কি না, সন্দেহ আছে। যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদন বিএনপির আশঙ্কাকে সত্য প্রমাণ করেছে।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, মির্জা আব্বাসসহ ঊর্ধ্বতন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।