দেশে মোবাইল সেট তৈরির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো দেশেই মোবাইল সেট প্রস্তুতের ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করলো ওকে মোবাইল। টেলিফোন শিল্প সংস্থার (টেসিস) সঙ্গে যৌথভাবে এই মোবাইল সেট বাংলাদেশেই প্রস্তুত করবে প্রতিষ্ঠানটি।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ওকে মোবাইল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু বকর সিদ্দিক বলেন, এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ। এর মাধ্যমে বাংলাদেশ প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে যাবে।
ওকে মোবাইলের চেয়ারম্যান খন্দকার জামিল উদ্দিন বলেন, এই মোবাইল সেট তৈরিতে খুবই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। এর দাম রাখা হবে হাতের নাগালে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাহিদ নরিন জাহান বলেন, এই মোবাইল যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে তৈরি করা হবে। এ ছাড়া এটি কেনার পর ক্রেতারা যাতে ভালো সেবা পায় সে জন্য সারা দেশে অনেক বিক্রয় ও সেবাকেন্দ্র খোলা হবে।
অনুষ্ঠানে বলা হয়, শুরুতে প্রতিষ্ঠানটি একটি দ্বিতীয় প্রজন্ম ও তিনটি তৃতীয় প্রজন্মের সেট বাজারে আনছে। পরবর্তী সময়ে ক্রেতাদের চাহিদা যাচাই করে ট্যাব, পিএসটিএন হ্যান্ড সেট, ইন্টারনেট মডেম ইত্যাদি তৈরি করবে।
অনুষ্ঠানে ওকে মোবাইলের প্রতি শুভ কামনা জানান অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।