বাংলাদেশে ম্যালেরিয়ার প্রকোপ কমেছে। ২০১৩ সালে এই রোগে আক্রান্ত হয়ে ১৫ জন মারা যায়। ২০০০ সালে মারা গিয়েছিল প্রায় ৫০০ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, কেবল বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে ম্যালেরিয়ার প্রকোপ এবং এই রোগে মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার ‘বিশ্ব ম্যালেরিয়া প্রতিবেদন ২০১৪’ প্রকাশ করা হয়েছে। ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ম্যালেরিয়া-সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদনে বলা হয়েছে, এই ১৩ বছরে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু ৪৭ শতাংশ কমেছে। এই ধারা অব্যাহত থাকলে ২০১৫ সালে মৃত্যুহার ৫৫ শতাংশ কমবে।
এই বৈশ্বিক প্রতিবেদনে বেশ কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের ম্যালেরিয়া-সম্পর্কিত তথ্য পৃথকভাবে দেওয়া হয়েছে। এতে দেখা যাচ্ছে, ২০১৩ সালে তিন হাজার ৮৬৪ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। এর মধ্যে মারা যায় ১৫ জন। ২০০২ সালে দেশে ছয় হাজারের মতো মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিল। এর পর থেকে আক্রান্তের সংখ্যা কমছে। প্রতিবেদনে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলাসহ (বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি) দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ম্যালেরিয়ার প্রকোপ বেশি।
প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব মার্গারেট চ্যান বলেন, বাড়িতে রোগ পরীক্ষার সুযোগের প্রসার ও চিকিৎসাপদ্ধতির (আর্টিমিসেনিন-বেসড কমবিনেশন থেরাপিজ) উন্নতি হয়েছে। এর সঙ্গে রাজনৈতিক প্রতিশ্রুতি, আঞ্চলিক উদ্যোগ এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অর্থায়নের কারণে ম্যালেরিয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ অর্জন সম্ভব হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি বড় ধরনের অর্থায়ন করছে গ্লোবাল ফান্ড ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই অর্থ কীটনাশক, মশারি, রোগ নির্ণয়, ওষুধ, কর্মসূচিতে নজরদারি ও মূল্যায়ন, মানবসম্পদ ও ব্যবস্থাপনায় খরচ করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রায় ১২০ কোটি মানুষ ম্যালেরিয়ার উচ্চ ঝুঁকির মধ্যে আছে। তবে গত ১০ বছরে মশা নিয়ন্ত্রণ কর্মসূচির অনেক প্রসার ঘটেছে।