১৪ দলের বিভিন্ন বৈঠকের আলোচনা আলোর মুখ না দেখায় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।গতকাল বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ১১ দলের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এ প্রসঙ্গে রাশেদ খান মেনন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে পরিচালনার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন, তার সঙ্গে আমরাও একমত। তবে এ বিষয়ে ১৪ দলসহ সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা প্রয়োজন।’ গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূর-উর-রহমান সেলিম বলেন, ‘একটি সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আমরা।’ বৈঠকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ওপর গুরুত্ব দিয়ে বলা হয়, পদ্মা সেতুতে বিশ্বব্যাংক ঋণ দেওয়া নিয়ে প্রতারণা করেছে।