দেশে রাজনৈতিক সংঘাতে নয় মাসে ৬২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের নয় মাসে রাজনৈতিক সহিংসতায় সারা দেশে ৬২ জন নিহত এবং সাত হাজার ২৬৭ জন আহত হয়েছেন বলে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এঁদের মধ্যে আওয়ামী লীগের সদস্যদের নিজেদের দ্বন্দ্বে ২৬ জন এবং বিএনপি-আওয়ামী লীগের দ্বন্দ্বে ২০ জন নিহত হয়েছেন।বেসরকারি আরেক মানবাধিকার সংস্থা অধিকারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নয় মাসে সীমান্তে ২৮ জন বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই সময়ে বিএসএফ ৭০ জনকে আহত ও ৫০ জনকে অপহরণ করে।আসকের মানবাধিকার প্রতিবেদনে বলা হয়, গত নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) দেশে ৪৭ জন অপহূত হন। এঁদের মধ্যে চারজনের লাশ মিলেছে, পাঁচজনকে অপহরণের পর ছেড়ে দেওয়া হয়েছে এবং ছয়জনকে পরে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও ‘ক্রসফায়ারে’ ৭৮ জন নিহত হন। কারা হেফাজতে মারা গেছেন ৬৭ জন। এই সময়ে ৭১৫ জন নারী ধর্ষণের শিকার, ৭৯ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং ১৪ জন নারী ধর্ষণের পর আত্মহত্যা করেছেন।অধিকারের প্রতিবেদনে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর ঢাকার পিলখানায় বিডিআর-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চার দিনের সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে বিএসএফের মহাপরিচালক ইউ কে বনসল বলেছেন, এ বছর বাংলাদেশ-ভারত সীমান্তে ছয়জন বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেছে। অথচ এর চেয়ে অনেক বেশি ঘটনার খবর রয়েছে অধিকারের কাছে।