অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গত দুই বছরে দেশে রাজস্ব আদায়ের হার ব্যাপক বেড়েছে। সে কারণেই এ বছর রাজস্ব আদায়ের জন্য উচ্চাভিলাষী টার্গেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। আশা করি, সঠিকভাবে কাজ করলে সে লক্ষ্যও পূরণ করা সম্ভব হবে। তবে এবারও যে টার্গেট দেওয়া হয়েছে তা বিশ্বের অন্যান্য দেশের চেয়ে খুবই কম। গতকাল শুক্রবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের রাজশাহী কর বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। সভায় জানানো হয়, রাজশাহী কর কমিশন অঞ্চলের জন্য ২০১১-১২ অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭৫ কোটি টাকা। এর আগের অর্থবছরে ২২০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করা হয়েছিল ২২০ কোটি ৪৯ লাখ টাকা। এ বছর রাজশাহী কর অঞ্চলের রাজস্ব আদায় ৩০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মতবিনিময় সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন। রাজশাহীর কর কমিশনার রোকেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল ইসলাম। এ ছাড়াও কর কমিশনের সদস্য (প্রশাসন আয়কর) সৈয়দ আমিনুল করিম, শুল্ক কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ বক্তব্য দেন।