দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। জামায়াত-শিবিরসহ বিরোধী দল ও নিরীহ মানুষের রক্তে ভাসছে দেশ। সরকারের নোংরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, সরকারের প্রতিহিংসা থেকে নারী, শিশু, বৃদ্ধ—কেউ রেহাই পাচ্ছে না। হাজার হাজার মানুষ আজ আশ্রয়হীন। সরকারের নির্দেশে সংখ্যালঘু সম্প্রদায় ও বিরোধী দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ঘর-বাড়ি, ধর্মীয়-সামাজিক ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ইত্যাদির ফলে দুর্বৃত্তরা যে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে, তাতে হাজার হাজার মানুষ আজ সীমাহীন ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। বিবৃতিতে সংখ্যালঘু সম্প্রদায়সহ সরকারি নিপীড়নে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জামায়াতের নেতা-কর্মী, দেশি-বিদেশি সাহায্য সংস্থা, বিত্তবান নাগরিক ও জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।