দেশে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ৪৪০টি
বাংলাদেশে বর্তমানে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ৪৪০টি। সর্বশেষ বাঘশুমারি-২০০৪ অনুসারে সুন্দরবন এসব বাঘের বিচরণক্ষেত্র। গতকাল রোববার জাতীয় সংসদে শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ তথ্য জানান।অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাঘশুমারি অনুযায়ী সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা কমার কোনো লক্ষণ নেই। ১৯৭১ সালে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ছিল ৩২০টি। ১৯৭৫ সালে এ সংখ্যা ছিল ৩৫০টি। ১৯৮০ সালে ছিল ৪৩০টি, ১৯৯২ সালে ৩৫৯টি এবং সর্বশেষ জরিপে ৪৪০টি। বেগম মেহের আফরোজের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, চলতি অর্থবছর ৯৭ লাখ ৮৭ হাজার ৪০২ জন কৃষককে কৃষি উপকরণ-সহায়তা কার্ড দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগে ব্যয়: গত পাঁচ বছরে সশস্ত্র বাহিনী বিভাগে প্রশিক্ষণ, আবাসিক ও স্বাস্থ্য খাতে ৮০৪ কোটি ১৯ লাখ টাকা ব্যয় হয়েছে। এক হাজার ৩০০ কোটি টাকার খাজনা আদায়: সরকারি দলের সাংসদ বজলুল হক হারুনের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বলেন, গত আট বছরে এক হাজার ৩৭০ কোটি ৭৮ লাখ ৯৮ হাজার টাকার খাজনা আদায় করা হয়েছে।