বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের (বিএলআরআই) বিজ্ঞানীরা দেশে এই প্রথম লেয়ার মুরগির উন্নত জাত উদ্ভাবন করেছেন। ডিম উৎপাদনের জন্য বিশেষায়িত এই মুরগির জাত প্রতিটি ২০ টাকায় উৎপাদন করা সম্ভব। এত দিন বিদেশ থেকে এই জাত প্রতিটি ৩০০ থেকে ৪০০ টাকায় আমদানি করা হতো।বিএলআরআইয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, জাপানি দুটি মুরগির জাত ‘পিউর লাইন’ ও ‘সিলেক্টিভ ব্রিডিং’য়ের ওপর ১১ বছর ধরে গবেষণা করে এই নতুন জাত উদ্ভাবন করা হয়েছে। ‘বিএলআরআই-১’ নামের এই নতুন জাতের মুরগির উৎপাদনক্ষমতা বিদেশ থেকে আমদানি করা লেয়ার মুরগির চেয়েও ভালো বলে মনে করছেন এর উদ্ভাবকেরা।নতুন জাতের এই লেয়ার মুরগির বাচ্চা উৎপাদন ও পালনে খামারিরা এগিয়ে এলে পোলট্রিশিল্পে বিদেশনির্ভরতা কমবে বলে মনে করছেন তাঁরা। বছরে প্রায় ২৮ কোটি টাকার লেয়ার মুরগির বাচ্চা বিদেশ থেকে আমদানি করা হয়ে থাকে।বিএলআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ‘নতুন জাতের লেয়ার মুরগি বছরে প্রায় ২৯২টি ডিম দেবে। দেশের আবহাওয়া উপযোগী হওয়ায় এই জাতের রোগব্যাধির প্রকোপও কম হবে। ফলে খামারিরা এই মুরগি চাষে লাভবান হবেন।নজরুল ইসলাম আরও জানান, নতুন জাতের এই লেয়ার মুরগির প্রায় পাঁচ হাজার বাচ্চা দিনাজপুর ও নোয়াখালী জেলার খামারিরা ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে পালন করেছেন। তাঁরা এই মুরগি পালন করে লাভবান হয়েছেন।বিএলআরআই সূত্রে জানা গেছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন কেন্দ্রীয় হ্যাচারিতে প্রাথমিকভাবে দেশি জাতের এই লেয়ার মুরগির বাণিজ্যিক প্রজনন শুরু হবে। ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারিরাও চাইলে সরাসরি বিএলআরআই থেকে তা নিতে পারবেন।গতকাল রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নতুন এই জাতের পরিচয় করিয়ে দেওয়া হয়। সম্মেলনে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত বলেন, বর্তমানে প্রতিবছর ২১ থেকে ২৮ কোটি টাকার প্রায় সাত থেকে আট লাখ মা ও বাবা লেয়ার মুরগি (প্যারেন্ট লাইন) বিদেশ থেকে আমদানি করা হয়। উদ্ভাবিত বিএলআরআই-১ জাতের মুরগি পালনের মাধ্যমে আমদানিনির্ভরতা কমে বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও আমিষের ঘাটতি পূরণ সম্ভব হবে।দিনাজপুর সদরের সাইয়া পোলট্রির মালিক শাহাজ উদ্দিন দেশি জাতের লেয়ার মুরগির বাচ্চা পরীক্ষামূলকভাবে উৎপাদন করেছেন। প্রথম আলোর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দুই বছর বিদেশি জাতের লেয়ার মুরগি উৎপাদন করছিলেন। বিএলআরআই থেকে দেশি জাতের লেয়ার মুরগি উৎপাদন করে এক বছরে প্রায় ৩০০ ডিম পেয়েছেন। ডিমের মানও ভালো বলে তিনি জানান।