গণতন্ত্র না থাকলে অন্য কোনো কিছু দিয়ে বড় সৃষ্টি সম্ভব না: আবদুল্লাহ আবু সায়ীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ
ফাইল ছবি

বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, গণতন্ত্র না থাকলে অন্য কোনো কিছু দিয়ে বড় সৃষ্টি সম্ভব না। সব দেশেই স্বৈরতন্ত্র আসার তোড়জোড় দেখা যাচ্ছে। কিছু ক্ষমতালিপ্সু মানুষ সব সময় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে নিজেদের ভোগ বিলাস ও উচ্চতর জীবনকে প্রতিষ্ঠিত করেছে।

শনিবার দি হাঙ্গার প্রজেক্টের সংগঠন ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার’-এর অনলাইনে আয়োজিত সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সামনে অন্ধকার সময় আসছে এবং ব্যক্তি স্বাধীনতা ও স্বাতন্ত্র্য হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, ‘আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ হওয়া উচিত। যদি প্রকৃতভাবে সংগ্রাম চালাতে পারি, তাহলে গণতন্ত্রকে যথেষ্ট বিকশিত অবস্থায় পৃথিবীতে রেখে দিতে পারব।’

তরুণদের উদ্দেশে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, গণতন্ত্র না থাকলে অন্য কোনো কিছু দিয়ে বড় সৃষ্টি সম্ভব না। সব দেশেই স্বৈরতন্ত্র আসার তোড়জোড় দেখা যাচ্ছে। কিছু ক্ষমতালিপ্সু মানুষ সব সময় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে নিজেদের ভোগ বিলাস ও উচ্চতর জীবনকে প্রতিষ্ঠিত করেছে। সাধারণ মানুষ চিরদিন নিপীড়িত থেকেছে এবং গণতন্ত্রের সংগ্রাম করেছে।

দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট, কান্ট্রি ডিরেক্টর ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। তবে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের উন্নত, সমৃদ্ধ, ধর্মনিরপেক্ষ, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে আরও অনেক দূর যেতে হবে।

সম্মেলনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন গত ৫০ বছরে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে বের হতে পারা বাংলাদেশের জন্য বড় অর্জন। উন্নয়শীল দেশগুলোর জন্য বাংলাদেশ রোল মডেল। মধ্য আয়ের দেশ হতে গেলে বাংলাদেশের জন্য আগামী দশকগুলো খুব গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, মানবাধিকার, অসাম্প্রদায়িকতা বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তরুণ সমাজ বাংলাদেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, রাষ্ট্র পরিচালনাকারীরা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে চলেছে। শুধু নিজে ভালো থাকা নয়, অন্যকে ভালো রাখার মধ্যে দিয়েই সবাইকে ভালো থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, তরুণেরা সম্প্রীতি ও সমতার দেশ গড়তে আরও সক্রিয় হবে।

ব্রিটিশ কাউন্সিলের ইনক্লুসিভ কমিউনিটি অ্যান্ড আর্টসের পরিচালক শাহনাজ করিম বলেন, দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য বাংলাদেশের এখন শক্তিশালী গণতন্ত্র কাঠামো প্রতিষ্ঠায় মনোযোগ দিতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন, স্বাধীন বিচার ব্যবস্থা ও মানবাধিকার সুরক্ষা, স্বাধীন গণমাধ্যম—এসব ক্ষেত্রে বাংলাদেশকে কাজ করতে হবে।