দেশে শক্তিশালী গণগ্রন্থাগার ব্যবস্থা গড়ার কাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে শক্তিশালী গণগ্রন্থাগার-ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সমেঞ্চলন কেন্দ্রে গ্রন্থাগার পেশাজীবীদের দুই দিনব্যাপী জাতীয় সমেঞ্চলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা বলেন, ‘আমরা সংরক্ষণব্যবস্থা ডিজিটাইজেশনের মাধ্যমে জাতীয় গ্রন্থাগার আধুনিকায়নের উদ্যোগ নিয়েছি। এতে গবেষণা সহজ হবে এবং পেশাদারির মানোন্নয়ন ঘটবে। জ্ঞানপিপাসুরা আরও সহজে তাঁদের পাঠচাহিদা মেটাতে পারবেন। ’ জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে দেশব্যাপী গ্রন্থাগারের সংখ্যা বৃদ্ধিতে অবদান রাখার জন্য সমাজের সম্পদশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের অর্জিত অর্থের একটি অংশ এ লক্ষ্যে বিনিয়োগ করে বাংলাদেশকে জ্ঞানবিজ্ঞানে সমৃদ্ধ করার সরকারি উদ্যোগে সহযোগিতা করুন।’ তিনি বলেন, গ্রন্থাগারের অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি সরকারি গণগ্রন্থাগারগুলোর নিজস্ব ভবন বরাদ্দ দেওয়া এবং ৪৫টি জেলায় গণগ্রন্থাগার নির্মাণ করা হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে গণগ্রন্থাগার স্থাপনের কাজ চলছে।প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার আধুনিকায়ন করা হচ্ছে। এখানে পাঠকেরা অনলাইন সার্ভিসের সুবিধা পাবেন। দৃষ্টিপ্রতিবন্ধীদের তথ্যসেবা প্রদানে ব্লাইন্ড সেন্টার খোলা হয়েছে। সেই সঙ্গে দেশের সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ হাজার সহকারী লাইব্রিয়ানের পদ সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকারের প্রণীত আধুনিক ও যুগোপযোগী শিক্ষানীতিতে গ্রন্থাগারব্যবস্থার উন্নয়নের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। এতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সমৃদ্ধ গ্রন্থাগার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বাংলাদেশ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি দিলারা বেগম। ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: ভুটানের রাষ্ট্রদূত দাশো বাপ কেসাং গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।