দেশে শিক্ষা খাতে দুর্নীতি ৫ ভাগ কম: শিক্ষামন্ত্রী
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে শিক্ষা খাতে দুর্নীতি ৫ ভাগ কম বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে এতে তিনি সন্তুষ্ট নন বলেও জানান শিক্ষামন্ত্রী।
আজ শনিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৪’ উপলক্ষে সততা-সংঘ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি বিশ্বের শিক্ষা ক্ষেত্রের দুর্নীতি নিয়ে একটি জরিপ প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, শিক্ষায় গড়ে শতকরা ১৭ ভাগ দুর্নীতি হয়। কিন্তু বাংলাদেশে তা শতকরা ১২ ভাগ। এটা আমাদের শিক্ষা ক্ষেত্রে বড় অবদান।
দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের শিক্ষা ক্ষেত্র নিয়ে আমি সন্তুষ্ট নই। আমি চাই দুর্নীতি জিরো পারসেন্টে নেমে আসুক। যেখানে দুর্নীতি বাধা হয়ে দাঁড়াবে, সেখানেই প্রতিরোধ করতে হবে।’
এর আগে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সততা সংঘের সদস্যদের শপথনামা পাঠ করানো হয়। শপথনামায় ছিল ‘নিজে কোনো অন্যায়-দুর্নীতি করব না এবং কখনো প্রশ্রয় দেব না’সহ নানা অঙ্গীকার।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দুর্নীতি আমাদের সমাজে শিকড় গেড়ে আছে। শিক্ষা-স্বাস্থ্যসহ সব গুরুত্বপূর্ণ জায়গায় এই অবস্থা। কিন্তু এগুলোকে নির্মূল করতে হবে।’
দুদকের কমিশনার (তদন্ত) শাহাবুদ্দিন বলেন, অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায় দুর্নীতি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরা যদি তাদের পরিবার-পরিজন এবং সবাইকে উদ্বুদ্ধ করতে পারে, তাহলে অবশ্যই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। সবার মাঝেই সচেতনতা বাড়াতে হবে।
কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দিন আহমেদ বলেন, দুদকের একার পক্ষে দুর্নীতি প্রতিরোধ অসম্ভব। সবাইকে মিলেই দুর্নীতি রোধ করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী ১ এপ্রিল পর্যন্ত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ কর্মসূচি চলবে।