১৯৭৪ সালের শিশু আইনসহ শিশুদের অধিকার রক্ষায় দেশে আইনের কমতি নেই। কিন্তু আইনের প্রয়োগ নেই। ফলে দেশে শিশু অপরাধের মাত্রা বেড়ে গেছে। শিশুদের মাদক বা অস্ত্রের বাহক হিসেবে চিহ্নিত করে জেলখানায় আটক রাখা হচ্ছে।গতকাল বুধবার জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে শিশুদের অধিকার রক্ষায় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাই শিশুদের এ ধরনের নাজুক পরিস্থিতির কথা তুলে ধরেন।‘চাইল্ড রাইটস অ্যান্ড জাস্টিস ফর চিলড্রেন: ইমার্জিং নিড ফর কমপ্রিহেনসিভ লিগ্যাল ফ্রেমওয়ার্ক’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে সমাজকল্যাণ মন্ত্রণালয়, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও লিগ্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট।স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এ সেমিনারে জানানো হয়, ১৯৭৪ সালের শিশু আইনকে যুগোপযোগী করে শিশু আইন ২০১০-এর প্রস্তাবিত খসড়া তৈরি করা হয়েছে। খসড়ার বিভিন্ন দিক নিয়ে বক্তারা আলোচনা করেন এবং বিভিন্ন সুপারিশ দেন। সেমিনারে শিশু আইন প্রস্তাব নিয়ে মূল বক্তব্য পড়ে শোনান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ইমান আলী।সেমিনারে প্রধান অতিথি আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ন করা হয়েছে। সে আইনে জুভেনাইল কোর্ট বা কিশোর আদালতের কথা বলা হয়েছে। তবে বাস্তবে এ আদালত এখনো প্রতিষ্ঠিত হয়নি। বিশেষ অতিথি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আজ পর্যন্ত কিশোর আদালত প্রতিষ্ঠিত হয়নি। শিশু অপরাধের মাত্রা আগের চেয়ে বেড়ে গেছে। মাদক, অস্ত্রের বাহক এবং ঘাতক হিসেবে শিশুদের ব্যবহার করা হচ্ছে। এই শিশুরা বিনা বিচারে জেলখানায় আটক থাকছে। সভাপতির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুন নেসা খানম টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের অভিজ্ঞতায় বলেন, সেখানে পাঁচ বা ছয় বছরের শিশুদের আটক রাখা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ শিক্ষা কারিকুলামে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত এবং শিশুদের অধিকার রক্ষায় আইনের বাস্তবায়নের পাশাপাশি কমিউনিটিকে ভূমিকা রাখার বিষয়ে সুপারিশ করেন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিসেফের প্রতিনিধি নবেন্দ্র দাহাল, লিগ্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান রেজাউর রহমান ও পরিচালক কাজী রিয়াজুল হক।