দেশে শিশুপুষ্টি পরিস্থিতি আফ্রিকার কিছু দেশের চেয়ে খারাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শিশুদের পুষ্টি-পরিস্থিতি আফ্রিকার অনেক দেশের চেয়ে খারাপ। দেশের পাঁচ কোটি মানুষ হতদরিদ্র। গত ৪০ বছরে দেশে খাদ্য উৎপাদন বাড়লেও পুষ্টি-পরিস্থিতি এখনো আশানুরূপ নয়।গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া দুই দিনের এক কর্মশালায় তথ্য-উপাত্ত দিয়ে এ বক্তব্য উপস্থাপন করা হয়েছে।কর্মশালায় বলা হয়, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ৪০ শতাংশ অপুষ্টির শিকার। ৩০ থেকে ৫০ শতাংশ শিশু স্বাভাবিকের চেয়ে কম ওজন নিয়ে জন্মায়। যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক উন্নয়নবিষয়ক সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (ইফপ্রি) এ কর্মশালার আয়োজন করে। বাংলাদেশের খাদ্যনিরাপত্তা ত্বরান্বিতকরণ: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এ কর্মশালায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২৫০ জন খাদ্যনিরাপত্তা বিশেষজ্ঞ ও নীতিনির্ধারক অংশ নিচ্ছেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, ভবিষ্যৎ খাদ্য-সংকট মোকাবিলায় স্থিতিশীল কৃষি উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে এ খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে হবে। মন্ত্রী আরও বলেন, দেশে দারিদ্র্যের হার কমছে। কিন্তু এখনো ৩১ ভাগ দরিদ্র মানুষ প্রয়োজনীয় খাদ্য কিনতে পারে না। কর্মশালায় ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, শুধু ধানের উৎপাদন বৃদ্ধি নয়, সবজি, মাছসহ আমিষের চাহিদা পূরণের মাধ্যমে পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে হবে। অর্থনীতিবিদ ও সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, শিশুদের পুষ্টির দিক থেকে বাংলাদেশের অবস্থা অনেক আফ্রিকার দেশের চেয়ে খারাপ। সবজিসহ কৃষিপণ্যের খুচরামূল্য সাধারণ ভোক্তাদের ক্রয়সীমায় আনার উদ্যোগ নিতে তিনি সরকারকে পরামর্শ দেন। ইফপ্রির দারিদ্র্য, স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের পরিচালক মারিয়ে রুয়েল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী, ইউএসএআইডির মিশন ডাইরেক্টর রিচার্ড গ্রিন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কে মুজেরি।