দেশে শিশুশ্রমিক ৮০ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রায় ১৬ কোটি মানুষের এ দেশে শিশুশ্রমিক রয়েছে ৮০ লাখ। তাদের মধ্যে ৫৬ শতাংশ কৃষিকাজে, ২৬ শতাংশ সার্ভিস সেক্টরে এবং ১৮ শতাংশ উৎপাদনশীল খাতে নিয়োজিত। এর মধ্যে আবার ৯৩ দশমিক ৩ শতাংশ অপ্রাতিষ্ঠানিক এবং ৬ দশমিক ৭ শতাংশ প্রাতিষ্ঠানিক খাতের কাজের সঙ্গে যুক্ত।’গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ব শিশুশ্রম নিরসন দিবস উপলক্ষে চট্টগ্রামে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত সেমিনারে এ তথ্য জানানো হয়। সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন, শিশু একাডেমী ও কয়েকটি উন্নয়ন সংস্থার সমন্বয়ে গঠিত বিশ্ব শিশু দিবস উদ্যাপন পরিষদ। ‘বিপদ সংকেত! শিশুরা ঝুঁকিপূর্ণ কাজে—আসুন শিশুশ্রম নিরসন করি’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পড়েন উন্নয়ন সংগঠন এ কে খান ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক আবুল বাশার। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টসের শিশির দত্ত, মমতার রফিক আহমেদ, নারীনেত্রী ও সমাজকর্মী শামছুন নাহার পরান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, শ্রমিক নেতা আহম্মদ কবীর প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক এম নাসিরুল হক। অনুষ্ঠান উপস্থাপনা করেন উৎসের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা। সেমিনারে শিশুশ্রম নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োজিত না করতে মালিক পক্ষকে উদ্বুদ্ধ করা, পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের সরিয়ে এনে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন এবং পরিবারের সক্ষম ব্যক্তির জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অন্যতম।