দেশে শ্রবণপ্রতিবন্ধীর সংখ্যা প্রায় ৩০ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রায় ৩০ লাখ শ্রবণপ্রতিবন্ধী মানুষ রয়েছে। এ ছাড়া আরও প্রায় ৫০ লাখ মানুষ রয়েছে যাদের কোনো না কোনো মাত্রায় শ্রবণহীনতা আছে।

আজ বৃহস্পতিবার জাতীয় নাক কান গলা (ইএনটি) ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় এ তথ্য জানানো হয়। আলোচনা সভায় জানানো হয়, দেশে ৫৫০ জনের মতো বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। অর্থাৎ গড়ে প্রতি তিন লাখ মানুষের জন্য একজন নাক কান গলার রোগের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন।

৩ মার্চ বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইএনটি এবং সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ডেভেলপমেন্ট (সিডিডি) যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে চিকিৎসক ও বিশেষজ্ঞরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে ‌‌‘‌‌‌শ্রবণক্ষমতা হ্রাস প্রতিরোধের গুরুত্ব ও ভবিষ্যৎ করণীয়: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিডিডির ক্যাপাসিটি বিল্ডিং কর্মকর্তা শেখ মো. ফয়সাল হোসেন। তিনি বলেন, বাংলাদেশ শব্দের তীব্রতা ৬০ ডেসিবেলের কম হলে শুনতে না পাওয়া ব্যক্তিকে ‌শ্রবণপ্রতিবন্ধী বলে। বিশ্বে শতকরা ৫ ভাগের বেশি মানুষের কোনো না কোনো মাত্রায় শ্রবণহীনতা রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটি শতকরা ২৭ শতাংশ। আর বাংলাদেশে ৩৩ শতাংশ।

লিখিত বক্তব্যে বলা হয়, শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য মাত্র আটটি বিশেষ বিদ্যালয় আছে। এখানে সব মিলে এক হাজার শিক্ষার্থীর পড়ার সুযোগ রয়েছে। মাধ্যমিক থেকে উচ্চ স্তরে শ্রবণপ্রতিবন্ধীদের অংশগ্রহণ প্রায় শূন্যের কোটায় রয়েছে। এ কারণে শিক্ষার অভাবে এরা দক্ষ জনগোষ্ঠীতে পরিণত হতে পারছে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মাহমুদুল হাসান। তিনি বলেন, অনেকে জন্মগতভাবে কানে শোনে না। আবার অনেকে দুর্ঘটনা বা নানা রোগের কারণে শ্রবণশক্তি হারান। তিনি বলেন, অসচেতনতা, অজ্ঞতা ও অবহেলার কারণে অনেকে শ্রবণশক্তি হারিয় ফেলেন। পরিবারে মা-বাবার কারণেও অনেক শিশুর শ্রবণ সমস্যা হয়। এ জন্য মানুষকে সচেতন করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ অনেক মানুষের শ্রবণশক্তি নষ্ট হওয়ার জন্য শব্দদূষণকে দায়ী করেন। তাঁরা বলেন, এ ক্ষেত্রে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান। সঞ্চালনা করেন আনিকা রহমান।