দেশে সংযোজিত হোন্ডার মোটর সাইকেল বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের (বিএইচএল) সংযোজিত সিডি ৮০ মডেলের হোন্ডা মোটরসাইকেল বাংলাদেশে বাজারজাত শুরু হয়েছে।
রাজধানীর একটি হোটেলে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাজারজাতকরণের এ ঘোষণা দেওয়া হয়। এতে মূল বক্তব্য দেন বিএইচএলের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ইউয়িচি মিজুতানি। বিএইচএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিডি ৮০ মডেলের হোন্ডা মোটরসাইকেলের দাম পড়বে ৯৪ হাজার ৯০০ টাকা। একই সঙ্গে ভারতে উৎপাদিত আরও চারটি মডেল বাংলাদেশে আমদানি করে বাজারজাত করবে বিএইচএল।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভারতে উৎপাদিত হোন্ডা মোটরসাইকেল ও স্কুটারের চারটি মডেল বিএইচএল বিপণন করবে। এগুলো হলো ড্রিম নিও, সিবি শাইন, সিবি ট্রিগার ও সিবিআর ১৫০ আর। এর মধ্যে সিবিআর ১৫০ আর বিক্রি হবে পাঁচ লাখ টাকা, ড্রিম নিও (১১০ সিসি) এক লাখ ৪২ হাজার, সিবি শাইন (১২৫ সিসি) এক লাখ ৫৮ হাজার ও সিবি ট্রিগার (১৫০ সিসি) দুই লাখ এক হাজার টাকায়। এ উদ্দেশ্যে টাঙ্গাইল ও জামালপুরে এরই মধ্যে দুটি অনুমোদিত ডিলার পয়েন্ট চালু হয়েছে।
সংবাদ সম্মেলনে ইউয়িচি মিজুতানি বলেন, ‘বাংলাদেশের ভোক্তাদের নিজস্ব কিছু আশা ও স্বপ্ন আছে। তাঁদের হাতে হোন্ডা মোটরসাইকেল পৌঁছে দিয়ে সেই সব স্বপ্নকে সত্যি করতে সাহায্য করাই আমাদের লক্ষ্য।’ তিনি বলেন, ২০১২ সালে এখানে মোটরসাইকেলের চাহিদা ছিল দুই লাখ।
জাপানের হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের যৌথ উদ্যোগে ২০১২ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। কোম্পানিটি গাজীপুরে আট হাজার ৭০০ বর্গমিটারের কারখানা প্রতিষ্ঠা করে, যেখানে কারখানার মেঝের আয়তন দুই হাজার ১০০ বর্গমিটার। প্রতিবছর ৮০ হাজার মোটরসাইকেল সংযোজনক্ষম এই কারখানায় সংযোজন শুরু হয় চলতি বছরের অক্টোবর থেকে। এ কাজে ৭০ শতাংশ মূলধন জোগান দিয়েছে হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড ও ৩০ শতাংশ বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন।