দেশে সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলার শিকড় খুঁজে বের করতে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ইতিমধ্যে সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।
মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে গতকাল শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী।
উলানবাটোরে গতকাল শুরু হওয়া আসেম সম্মেলনের পার্শ্ববৈঠকে দুই প্রধানমন্ত্রীর এই আলোচনা অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠকের আলোচনার বিষয়ে জানান।
জাপানের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি দেশের চিন্তাশীল জনগোষ্ঠী এই অবস্থা থেকে দ্রুত উত্তরণে খুবই সক্রিয় ভূমিকা পালন করছে। শিনজো আবে এ সময় শেখ হাসিনার সরকারের প্রতি তাঁর পূর্ণ সমর্থন উল্লেখ করে বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পগুলো অব্যাহত রাখা এবং জঙ্গি হামলার নেপথ্য বিষয়ে তথ্য আদান-প্রদানে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা মনে করি, জাপান আমাদের পরীক্ষিত বন্ধু ও উন্নয়ন সহযোগী। তাই জাপানের নাগরিক যাঁরা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করছেন, তাঁদেরসহ দেশের জনগণকে নিরাপদে রাখা এবং তাঁদের সার্বিক নিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।’
অন্যান্য নেতার সঙ্গে বৈঠক: পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, গতকাল রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গেও শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হয়। দুই নেতাই বৈঠকে রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের সাফল্যজনক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং এই প্রকল্প যথাসম্ভব দ্রুততার সঙ্গে বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য পোষণ করেন।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্টেলনি সিলভেরির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ এবং তাঁর জনগণের সংঘবদ্ধ প্রতিরোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইতালীর মন্ত্রী এ সময় সন্ত্রাস দমনে বাংলাদেশের ত্বরিত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সন্ত্রাসী হামলায় নিহত ইতালির নাগরিকদের মৃতদেহগুলো দেশে ফেরত পাঠানোর উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।