দেশে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

সন্ত্রাসের বিরুদ্ধে দেশে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ এখন এই সামাজিক ব্যাধিকে ‘না’ বলছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।
গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত গুইয়েন কোয়াং থুয়ের সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের ইতিহাস একই সূত্রে গাঁথা। দুটি দেশই সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদিও স্বাধীনতা অর্জনের সাড়ে তিন বছরের মাথায় আমরা জাতির পিতাকে হারিয়ে ফেলি।’
বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের একটি বৃহৎ বাজার রয়েছে এবং আমাদের তা কাজে লাগাতে হবে।’ দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে প্রধানমন্ত্রী উভয় দেশের রাজনৈতিক নেতাদের সফর বিনিময়ের ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী এ সময় ২০১২ সালে তাঁর ভিয়েতনাম সফরের কথা স্মরণ করে দেশটির উন্নয়নের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, তাঁর গতিশীল নেতৃত্বেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সফল ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে।
গুইয়েন কোয়াং বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বহুদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে উল্লেখ করেন এবং তাঁর দায়িত্ব পালনকালে সব রকমের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভিয়েতনাম সব সময়ই সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে উল্লেখ করে দেশটির রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।
এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।