দেশে সরকার-স্বীকৃত কোনো ইংরেজি মাধ্যমের স্কুল নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সরকারের স্বীকৃত কোনো ইংরেজি মাধ্যমের বিদ্যালয় নেই। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।সাংসদ সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানিয়েছেন, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশে মোট চার হাজার ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। ২০১০ সালে এমপিওভুক্ত হয়েছে এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান।ফজলে রাব্বী মিয়ার এক প্রশ্নের জবাবে চলতি ২০১১-১২ অর্থবছরে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এ জন্য প্রত্যেক সাংসদকে অগ্রাধিকার ভিত্তিতে তিনটি করে বিদ্যালয়ের তালিকা জমা দিতে বলা হয়েছে।এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে নাহিদ বলেন, দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান হচ্ছে ‘জিরো টলারেন্স’।কারিগরি শিক্ষা: খন্দকার আবদুল বাতেনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জাতীয় শিক্ষানীতির আলোকে দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল স্থাপনের পরিকল্পনা সরকারের আছে। এরই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে ৩৫টি উপজেলায় একটি করে কারিগরি স্কুল স্থাপনের জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রতিবন্ধীর সংখ্যা: সংসদে প্রশ্নোত্তরে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ জানান, দেশে মোট প্রতিবন্ধীর সংখ্যা এক কোটি ৪৪ লাখ ৪৬ হাজার। এদের মধ্যে দুই লাখ ৮৫ হাজার ৯৮২ জন সরকারিভাবে ভাতা পাচ্ছে। সরকারদলীয় সাংসদ জুনাইদ আহমেদের প্রশ্নের জবাবে এনামুল হক মোস্তফা শহীদ বলেন, সরকারিভাবে প্রতিবন্ধীদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো জরিপ পরিচালিত হয়নি। এ কারণে জেলা ও উপজেলাভিত্তিক প্রতিবন্ধীদের পরিসংখ্যান সংক্ষরণ করা সম্ভব হয়নি। তবে, বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাব মতে, দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ প্রতিবন্ধী। এই হিসাবে দেশে প্রতিবন্ধীর সংখ্যা এক কোটি ৪৪ লাখ ৪৬ হাজার। আবাসন সমস্যার সমাধান: সাংসদ আসমা জেরিনের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, রাজধানীর আবাসন সমস্যা নিরসনকল্পে ঢাকা শহরের আশপাশে চারটি স্যাটেলাইট শহর গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। এই স্যাটেলাইট শহর নির্মাণের কাজ শিগগির শুরুর পরিকল্পনা আছে। এ লক্ষ্যে বর্তমানে সাভার এলাকায় প্রাথমিকভাবে স্থান নির্বাচন করা হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি ও জনগণকে সম্পৃত্ত করে তাদের মতামতের ভিত্তিতে সরকার পর্যায়ক্রমে স্যাটেলাইট শহর প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করবে এবং সরকারের প্রচলিত নীতিমালার ভিত্তিতে জমি অধিগ্রহণ করা হবে। শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে আবদুল মান্নান খান জানান, বর্তমানে রাজধানী ঢাকায় মোট সরকারি কর্মকর্তা-কর্মচারীর প্রায় ১৩ হাজার জন অর্থাৎ ৪ দশমিক ৩২ শতাংশ সরকারিভাবে আবাসন-সুবিধা পাচ্ছে। সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সরকারিভাবে আবাসন-সুবিধার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে।