বিচারিক ব্যবস্থা, তদন্ত সংস্থা—কোনোটিই প্রশ্নের ঊর্ধ্বে নয়। সাংবিধানিক প্রতিটি প্রতিষ্ঠান দলীয়করণের আওতায় হওয়ায় সবগুলোই এখন প্রশ্নবিদ্ধ।
গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে ‘রাজনৈতিক ঐক্য ও জবাবদিহিমূলক প্রশাসন দুর্নীতি দমন ও প্রতিরোধের প্রধান নিয়ামক’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এ সময় তাঁরা বলেন, যে দলই ক্ষমতায় থাকুক, প্রশাসন-পুলিশ-বিচারব্যবস্থা-দুদকসহ সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজ করতে হবে সাধারণ মানুষের জন্য।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক রওনক জাহান। তিনি এতে দুর্নীতির ইতিহাস ও বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্নীতির বর্তমান অবস্থা তুলে ধরেন। সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা বলেন, দুর্নীতি প্রতিরোধে ও দুদককে শক্তিশালী করতে এর সাংবিধানিক রূপ প্রয়োজন। কিন্তু বর্তমানে আইনের প্রয়োগকে রাজনৈতিকীকরণ করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক বলেন, সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো পক্ষ নিচ্ছে কি না, তা নিয়েও জনগণের মনে প্রশ্ন রয়েছে। ওসমান ফারুকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, দুদকের অভিযানের সঙ্গে সরকারের কোনো ভূমিকা নেই। কোনো পক্ষ থেকে দুদক সিগন্যাল পেয়ে কাজ করে না। দুদক যা করে স্বতঃপ্রণোদিত ও নিরপেক্ষ হয়ে করে।
বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।