দেশে সস্তা জ্বালানির দিন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এখনকার মতো সস্তায় বা কম দামে বাণিজ্যিক জ্বালানি পাওয়ার দিন শেষ হয়ে এসেছে। একদিকে দেশের গ্যাসক্ষেত্রগুলোর মজুত দ্রুত কমে আসছে। অন্যদিকে চাহিদার সঙ্গে সরবরাহের ব্যবধান ক্রমেই বাড়ছে। তাই জ্বালানি আমদানির পদক্ষেপ নিতে হয়েছে।

আগামী বছর থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু হচ্ছে। জ্বালানি মিশ্রণের নীতি অনুসরণ অপরিহার্য হওয়ায় যথেষ্ট পরিমাণে কয়লাও আমদানি করতে হবে। ফলে জ্বালানির দাম বাড়বে। কম দামে আর জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে না।

দেশের বাণিজ্যিক জ্বালানি খাতের বিদ্যমান অবস্থা বিশ্লেষণ করে এই মন্তব্য করা হয়েছে গ্যাস খাত মহাপরিকল্পনার চূড়ান্ত খসড়া প্রতিবেদনে। বিশ্বব্যাংকের সহায়তায় ডেনিস কোম্পানি র‌্যাম্বল ডেনমার্ক এ/এস সরকারের জন্য ২০১৭-৪১ সময়কালের এই মহাপরিকল্পনা প্রণয়ন করছে। এই কাজে র‌্যাম্বলের সঙ্গে আছে ডেনমার্কের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ এবং ইকিউএমএস কনসাল্টিং লিমিটেড নামের আরও দুটি প্রতিষ্ঠান।

গতকাল সোমবার বিকেলে সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই খসড়া উপস্থাপন করা হয়। তাতে অবশ্য গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। তবে ওই খসড়া গণমাধ্যমের কাছে এসেছে।

খসড়ায় চাহিদা ও সরবরাহের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে বলা হয়েছে, বর্তমানে প্রতিদিন ৩৭৩ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে ২৭৫ কোটি ঘনফুট। এই ব্যবধান ঘোচানোর জন্য সরকারের স্বল্পমেয়াদি কর্মসূচি, অর্থাৎ আগামী বছরের মধ্যে ১০০ কোটি ঘনফুটের সমপরিমাণ এলএনজি আমদানি যথেষ্ট ফল দেবে।

তবে সরকার উন্নয়নের যে পরিকল্পনা করেছে এবং মধ্যম ও উচ্চ আয়ের দেশে উন্নীত হওয়ার যে সময়সূচিভিত্তিক লক্ষ্য নির্ধারণ করেছে, তা অর্জন করতে হলে জ্বালানি খাতের মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং তার বাস্তবায়ন অনিবার্য। খসড়ায় বলা হয়, ২০৩০ সালে দেশে গ্যাসের চাহিদা হবে দৈনিক ৭০০ কোটি ঘনফুট। এই চাহিদার পুরোটাই যদি আমদানি করে পূরণ করা হয়, তাহলে দাম অনেক বাড়বে।

তাই আমদানির পাশাপাশি দেশের স্থলভাগ ও সমুদ্রসীমায় জ্বালানি সম্পদের ক্রমাগত উন্নয়ন, নতুন নতুন ক্ষেত্রে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানো দরকার। আর দেশে নতুন গ্যাস আবিষ্কার এবং আবিষ্কারের সম্ভাবনার ভিত্তিতে জ্বালানি আমদানি কমানো-বাড়ানোর প্রয়োজন হবে। খসড়ায় মিয়ানমার থেকে গ্যাস আমদানির চেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আর এলএনজি আমদানি শুরু হলে জ্বালানির দ্বৈত দাম (ডুয়েল মার্কেট) ব্যবস্থা চালু করার পরামর্শ দিয়ে বলা হয়েছে, এই ব্যবস্থায় একশ্রেণির গ্রাহকের জন্য বাজারদর অনুযায়ী দাম নিতে হবে। আরেক শ্রেণির জন্য কিছু সরকারি সুবিধা দেওয়ার বিধান রাখতে হবে। গ্যাস সঞ্চালন ও বিতরণে বেসরকারি খাতকে (থার্ড পার্টি) যুক্ত করারও পরামর্শ দেওয়া হয়েছে।

খসড়া উপস্থাপনের আগে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মহাপরিকল্পনাটি এমন হতে হবে, যাতে আগামী ২০ বছরে পৃথিবীতে জ্বালানি চিত্রের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলা যায়। মহাপরিকল্পনাটি দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এর জন্য অপেক্ষমাণ আছে।

অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহ্‌, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন, বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল উইন্টার এবং র‌্যাম্বলের কর্মকর্তা সরেন লবস্টেড ক্রিস্টেনসেন বক্তব্য দেন।