বাংলাদেশে সরকারি দল ও বিরোধী দলের মধ্যকার বিবাদ এবং রাষ্ট্রীয় নিপীড়নের কারণে রাজনৈতিক দলগুলোর সহিংস শাখা ও জঙ্গিগোষ্ঠীগুলো সুবিধা পাচ্ছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে সহিংসতা ও সন্দেহভাজন উগ্রপন্থী গোষ্ঠীর হাতে একের পর এক খুনের ঘটনা এটাই দেখাচ্ছে।
বাংলাদেশের সংঘাত-সহিংসতা নিয়ে বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ মন্তব্য করা হয়েছে। গত এপ্রিল মাসের পরিস্থিতির ওপর এ প্রতিবেদন প্রকাশ করেছে তারা। এতে বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের সংঘাত পরিস্থিতি তুলে ধরা হয়েছে। বিশ্বব্যাপী দ্বন্দ্ব-সংঘাত নিরসনে সরকারি কর্তৃপক্ষ, বেসরকারি সংগঠন ও গণমাধ্যমের সঙ্গে নীতিগত ও পরামর্শমূলক কাজ করে থাকে ক্রাইসিস গ্রুপ।
বিদায়ী মাসের সংঘাত পরিস্থিতি নিয়ে তৈরি প্রতিবেদন ‘ক্রাইসিসওয়াচ’-এ বলা হয়, বাংলাদেশে পরিস্থিতির অবনতি ঘটেছে। এই মাসে ঘটেছে কয়েকটি নৃশংস খুনের ঘটনা। যাঁরা খুন হয়েছেন তাঁদের মধ্যে একজন আইনের ছাত্র ও ‘ব্লগার’ নাজিমুদ্দিন আহমেদ। গত ৬ এপ্রিল নিহত হন তিনি। এসব ঘটনা সহিংস উগ্রপন্থী গোষ্ঠীগুলোর ক্রমে ক্ষমতা বৃদ্ধি ও অপরাধ করেও পার পেয়ে যাওয়ার বিষয় তুলে ধরেছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির মধ্যে রাজনৈতিক রেষারেষি বেড়েই চলেছে। ইউপি নির্বাচনকেন্দ্রিক রক্তাক্ত সহিংসতাও অব্যাহত রয়েছে।
পরিস্থিতির অবনতি ঘটার পক্ষে যুক্তি হিসেবে প্রতিবেদনে গত ২৩ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী, ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা ও সমকামীদের অধিকারবিষয়ক পত্রিকা রূপবান সম্পাদক জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয় এবং ৩০ এপ্রিল হিন্দুধর্মাবলম্বী এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা তুলে ধরা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয় এসব ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকারের কথা। খুনের ঘটনার জের ধরে বিএনপির কর্মী, ইসলামী ছাত্রশিবিরের কর্মী ও মসজিদের ইমামকে আটকের কথা তুলে ধরা হয় এ প্রতিবেদনে।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের সঙ্গে আমার দেশ পত্রিকার কারাবন্দী ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জড়ানোর বিষয়ও তুলে ধরা হয় প্রতিবেদনে।