দেশে সাইবার ক্রাইম উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে
বাংলাদেশে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ইন্টারনেটের ব্যবহার দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে সাইবার ক্রাইম, যা এখনই প্রতিরোধ করতে না পারলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত ‘সাইবার ক্রাইম, সিকিউরিটি অ্যান্ড ইউজেস অব ডিজিটাল সিগনেচার’-বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ওই সেমিনারে বক্তারা বলেন, দেশ ও মানবকল্যাণে আইসিটির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। ফলে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় অনেকটা অগ্রসর হওয়া গেছে। ইন্টারনেটের ব্যবহার যাতে দেশ ও মানবকল্যাণে সীমাবদ্ধ থাকে, সেই বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে বলে মন্তব্য করেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ইনচার্জ অধ্যাপক মো. শহীদ উজ জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম বেগ। সেমিনারের টেকনিক্যাল সেশনে ‘আইসিটি অ্যাক্ট ২০০৬: ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট’ ও ‘ডিজিটাল সিগনেচার অ্যান্ড পিকেআই মডেল ইন বাংলাদেশ’ শীর্ষক দুটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জুলফিকার আহমেদ ও ঢাকার দোহাটেক সিএর পিকেআই বিশেষজ্ঞ মাকসুদুর রহমান।