দেশে সাম্প্রদায়িকতা আজ চরম জায়গায় দাঁড়িয়েছে। কিন্তু বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে, উগ্র গোষ্ঠীর চারণক্ষেত্রে পরিণত হবে, এমন হতে দেওয়া যায় না। এ জন্য অসাম্প্রদায়িক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।
বাম রাজনীতিক অমল সেন স্মারকগ্রন্থ-এর প্রকাশনা অনুষ্ঠানে আলোচকেরা এ কথা বলেন। গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। চল্লিশের দশক থেকে কমিউনিস্ট আন্দোলন ও শ্রমজীবী মানুষের শোষণমুক্তির লড়াইয়ের অন্যতম পথিকৃৎ এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অমল সেনের জন্মশতবর্ষ উদ্যাপনের বছরব্যাপী কর্মসূচি চলছে।
অনুষ্ঠানে প্রবীণ বাম রাজনীতিক অজয় রায় অমল সেনের ডাক নাম উল্লেখ করে বলেন, ‘বাসুদা আমরা অস্থির সময়ের মধ্যে আছি। কিন্তু বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে, তা হয় না। উগ্র গোষ্ঠীর চারণক্ষেত্র হবে, তা হয় না।’ ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন মুক্তিযুদ্ধে অমল সেনের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, তিনি (অমল সেন) বলেছিলেন বাংলাদেশের বিজয় হয়েছে, কিন্তু সাম্প্রদায়িকতা মুক্ত হয়নি। আজকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা আরও বড় হয়েছে, দেশ আজ চরম জায়গায় দাঁড়িয়েছে। ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যার ঘটনা অশনিসংকেত। অমল সেনকে অনুসরণ করে তিনি বর্তমানে অসাম্প্রদায়িক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ‘ভাবতে পারি না লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে কী হারে শিশু, নারীসহ মানুষ হত্যা চলছে। বাসুদা এই মুহূর্তে আপনার কত প্রয়োজন ছিল তা হাড়ে হাড়ে টের পাচ্ছি।’ অনুষ্ঠানে স্মারকগ্রন্থটির সম্পাদনা পরিষদের পক্ষ থেকে বক্তব্য দেন শামসুল হুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।