সংবাদ সম্মেলনে সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতা-কর্মীরা
দেশে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করছে জামায়াত
যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া নস্যাৎ করতে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সুপরিকল্পিতভাবে সারা দেশে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করছেন। ধর্মের দোহাই দিয়ে জনমনে এই বিচার সম্পর্কে ভুল ধারণা ছড়ানোর পাঁয়তারা করছেন তাঁরা। সাম্প্রতিক কিছু ঘটনা তা-ই প্রমাণ করে। কিন্তু প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে।গতকাল শুক্রবার রাজধানীর রমনার টেনিস ফেডারেশন কমপ্লেক্সে সম্মিলিত সামাজিক আন্দোলনের কার্যালয়ে সংগঠনটির নেতা-কর্মীরা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। দিনাজপুরের চিরিরবন্দরে সংখ্যালঘুদের ওপর হামলা, কাহারোলে আদিবাসী নারী ধর্ষণ ও হত্যা এবং নওগাঁয় এক আদিবাসী কৃষককে হত্যার ঘটনা সরেজমিন পরিদর্শনের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিন সদস্যের একটি প্রতিনিধিদল এই পরিদর্শন করে। পরিদর্শনে প্রাপ্ত তথ্য সংবাদ সম্মেলনে লিখিত আকারে তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন, প্রতিনিধিদলের সদস্য ও গণ-ঐক্যের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য এবং কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার। লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিনিধিদলের সদস্য ও আদিবাসী নেতা দীপায়ন খীসা।সংখ্যালঘু নির্যাতন: লিখিত বক্তব্যে বলা হয়, গত ৪ আগস্ট চিরিরবন্দরের বলাইবাজার এলাকায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি গ্রামে অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট করা হয়। কিন্তু ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা নীরব ভূমিকা পালন করে। এমনকি ঘটনার এক মাস হয়ে গেলেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছে সংখ্যালঘু পরিবারগুলো।লিখিত বক্তব্যে আরও বলা হয়, বলাইবাজারে জনৈক হামিদা বানু চৌধুরী নামের এক নারী তাঁর দোকানের জন্য বরাদ্দকৃত জায়গায় মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সামনেই রয়েছে একটি মন্দির। তাই এলাকাবাসী এ ব্যাপারে আপত্তি জানায়। ৩ আগস্ট ‘হিন্দুরা মসজিদ নির্মাণে বাধা দিচ্ছে’ এমন দায় চাপিয়ে ইউএনও ১৪৪ ধারা জারি করেন। কিন্তু পরদিন ধর্মীয় কট্টরপন্থীরা বিভিন্ন যানবাহনে করে শত শত লোক ওই জায়গায় জড়ো করে। এরপর বলাইবাজারের কবিরাজপাড়া ও মাঝপাড়া গ্রামে সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় মামলার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পঙ্কজ ভট্টাচার্য বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলেছে। যুদ্ধাপরাধীদের বিচার বিঘ্নিত করতেই জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে এ কাজ করছে। বলাইবাজারে পরিদর্শনে গিয়ে জামায়াতের সংশ্লিষ্টতার যথেষ্ট প্রমাণ পেয়েছেন তাঁরা।নূর মোহাম্মদ তালুকদার বলেন, দেখা গেছে, স্থানীয় পর্যায়ে যথেষ্ট সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। কিন্তু বহিরাগতরাই এতে ফাটল ধরায়।পারুল হত্যা: লিখিত বক্তব্য অনুযায়ী, গত ১৬ আগস্ট রাতে দিনাজপুরের কাহারোল থানার ১০ মাইল এলাকার গড়নূরপুর গ্রামের পাওলিনা হাঁসদা পারুল (২৭) নামের এক সাঁওতাল আদিবাসী নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হলেও আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। পাওলিনার স্কুলপড়ুয়া এক মেয়েকে নিয়ে পরিবারটি আতঙ্কে দিনাতিপাত করছে।কৃষক হত্যা: লিখিত বক্তব্যে বলা হয়, গত ১০ আগস্ট নওগাঁর ধামইরহাট উপজেলায় আঙ্গরত গ্রামে জাম্বু চাঁড়ে নামের এক আদিবাসী কৃষককে হত্যা করা হয়। এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অথচ মাত্র ১০ দিনের সন্তানকে নিয়ে অসহায় দিন যাপন করছেন জাম্বুর স্ত্রী। প্রশাসনের পক্ষ থেকেও তাঁরা কোনো সহযোগিতা পাননি।দাবি: সংবাদ সম্মেলনে উপরোক্ত তিনটি ঘটনায় বেশ কয়েকটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো, চিরিরবন্দরের বলাইবাজারে আক্রান্ত সংখ্যালঘু জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ ফাঁড়ি স্থাপন করা, দায়িত্বে অবহেলার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভাগীয় শাস্তির ব্যবস্থা, মামলার যথাযথ তদন্ত করা, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া, পারুল ও জাম্বু হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং তাঁদের পরিবারের পুনর্বাসন করা।