দেশে সুশাসন আছে কি না, বুঝে নিন: রওশন এরশাদ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, বাজেট বাস্তবায়ন করতে হলে সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। তবে দেশে সুশাসন আছে কি না, সে বিষয়ে পরিষ্কার কোনো মন্তব্য তিনি করেননি।
আজ মঙ্গলবার সংসদের মিডিয়া সেন্টারে ওই সংবাদ সম্মেলনে রওশন বলেন, ‘আমি বলেছি, বাজেট বাস্তবায়ন করতে হলে সুশাসন নিশ্চিত করতে হবে। সুশাসন আছে কি না, আপনারাই বুঝে নিন।’
সংসদের বিরোধীদলীয় নেতা বাজেটের প্রতিক্রিয়া জানাতে পাঁচ দিন সময় নিলেও বাজেটের ভালো-মন্দ দিক নিয়ে কোনো কথা বলেননি। বরং আজ মঙ্গলবার তিনি কেমন বাজেট চান—সে নিয়ে বক্তব্য দেন।
বিরোধীদলীয় নেতা বলেন, কৃষিজাত পণ্যের ওপর আমদানিনির্ভরতা কমাতে হবে। লাখ লাখ বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। শিল্পের প্রসার ঘটাতে হবে।
বাজেট ঘোষণার এত দিন পর কেমন বাজেট চান, এ নিয়ে কেন সংবাদ সম্মেলন—এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি তিনি। বাজেটকে স্বাগত জানাচ্ছেন না প্রত্যাখ্যান করছেন, বিরোধী দলের আশা-আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন বাজেটে ঘটেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নও এড়িয়ে গেছেন রওশন। তিনি বলেন, ‘বাজেট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে তারপর আমরা সংসদে বক্তব্য দেব। অর্থমন্ত্রী অনেক সুন্দর বাজেট প্রণয়ন করেছেন। কিন্তু এখনো খতিয়ে দেখতে পারিনি।’
এর আগে ৭ জুন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংবাদ সম্মেলন করে বাজেটের প্রতিক্রিয়া দেন। তিনি বাজেটকে স্বপ্নবিলাসী বলে মন্তব্য করেন। অর্থমন্ত্রীও বাজেটকে উচ্চাভিলাষী বলেছেন। রওশন বলেছেন, দুজন দুজনের ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন। এরশাদের প্রতিক্রিয়া না রওশনের প্রতিক্রিয়াকে বিরোধী দলের প্রতিক্রিয়া বলে ধরে নিতে হবে—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কারও সঙ্গে কথা বলতে কোনো দোষ নেই। আমরা দুজন কথা বললেই ভাবেন দুজন দুদিকে। কেন এটা মনে করেন।’
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখে একপর্যায়ে রওশন বলেন, ‘তোমরা আমার সন্তানের মতো। আপনাদের সাথে আমাদের একটা ভালো লিয়াজোঁ থাকা দরকার। আপনারা শুধু আক্রমণাত্মক কথা বলেন। গঠনমূলক সমালোচনা করলে বলেন, আমরা সরকারের সাথে মিশে গেছি। লেজুরবৃত্তি করছি। আসলে এমন ধারার বিরোধী দল তো দেখেননি। এটা ওয়েস্ট মিনস্টার স্টাইলের বিরোধী দল।’
রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সব দলের মধ্যে সংলাপ প্রয়োজন কি না, এমন প্রশের জবাবে রওশন বলেন, ‘সবার অংশগ্রহণে আলাপ-আলোচনা হওয়া দরকার। তবে তাতে সময় লাগবে।’
বিরোধীদলীয় নেতার আসন পোক্ত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন পত্রিকায়—এমন প্রতিবেদন প্রকাশের ব্যাপারে রওশন বলেছেন, বিদেশি অতিথিরা তাঁর সঙ্গে সাক্ষাত্ করছেন। এ সময় বিরোধীদলীয় হুইপ তাজুল ইসলাম বলেন, খালেদা জিয়া যখন বিরোধীদলীয় নেতা ছিলেন, তখনো তাঁর দল এ-জাতীয় চিঠি দিয়েছে। এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়।
একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থাকা নিয়ে জি এম কাদের সম্প্রতি যে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন, এ ব্যাপারে প্রশ্ন করা হলে রওশন বলেন, বক্তব্যটি জি এম কাদেরের ব্যক্তিগত, দলের নয়।