দেশে সুশাসন আজ 'গুলিবিদ্ধ': এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ
জাতীয় সংসদ

‘সুশাসন আজ প্রশ্নবিদ্ধ নয়, সুশাসন গুলিবিদ্ধ’ বলে মন্তব্য করে আর্থিক খাতের দুর্নীতি ও লুটপাটের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
গতকাল মঙ্গলবার প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এরশাদ এ দাবি করেন।
এরশাদ বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংকিং খাতে সাগরচুরি হয়েছে। কিন্তু এর জন্য দায়ী কে? চুরি বন্ধে কী ব্যবস্থা নিয়েছেন, বাজেটে তার রূপরেখা দেওয়া হয়নি। আমরা এই সংসদে লুটপাট নিয়ে আলোচনা করি আর বাইরে দ্বিগুণ হারে এই লুটপাট চলতে থাকে। ব্যাংকের ৩৭ হাজার কোটি টাকার ঋণ অবলোপন করা হয়েছে। জনগণের এই টাকা অবলোপনের অধিকার কে দিয়েছে?’
অর্থমন্ত্রীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে। এই টাকা ক্যাসিনোতে পাওয়া গেছে। এ ঘটনায় ফরাসউদ্দিনের নেতৃত্বে তদন্ত করা হয়েছে। কেন এই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না। কেন অপরাধীদের আড়াল করে রাখছেন? লুটপাট হবে কিন্তু প্রতিকারে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এটা বিচারহীনতার লক্ষণ।’
এরশাদ বলেন, ‘পত্রিকায় দেখলাম তনুর মা বলেছেন, “গরিব বলে কি আমরা বিচার পাব না।” ২০০৪ সাল থেকে আজ পর্যন্ত বন্দুকযুদ্ধে ১ হাজার ৭১৫ জন নিহত হয়েছে। গত মার্চ মাস থেকে এ পর্যন্ত ১৩ জন গুপ্তহত্যার শিকার হয়েছে। এর দায়িত্ব কি সরকারকে নিতে হবে না? যে সমাজে এসপির স্ত্রী নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের অবস্থা কী হবে?’
দেশের চলমান ‘সংকট’ নিরসনে জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘সুশাসন আজ প্রশ্নবিদ্ধ নয়, সুশাসন গুলিবিদ্ধ। আসুন এই অবস্থা থেকে পরিত্রাণে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে চলি। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, যেসব রাজনৈতিক দল সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওকে বিশ্বাস করে না, তাদের সবাইকে নিয়ে জাতীয় সংলাপের আয়োজন করুন। কঠিন সমস্যা থেকে জাতিকে রক্ষার ব্যবস্থা করুন।’
বাজেট আলোচনায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলবে। তবে কোনো কিছুই প্রধানমন্ত্রীর চলার পথকে বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ায় দেশটির সঙ্গে নতুন করে চুক্তি করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘শেখ হাসিনা মধ্যপন্থী, বামপন্থী সবাইকে নিয়েই এগিয়ে চলছেন। এটা জগাখিচুড়ি নয়। দেশ এগিয়ে গেলে সবার লাভ। তিনি যোগাসনের ওপর কর প্রত্যাহারের দাবি জানান।’ তিনি বলেন, দেশে একজন মাত্র জঙ্গি আছে, আর তিনি হচ্ছেন খালেদা জিয়া। তাঁকে থামাতে পারলে দেশ জঙ্গিমুক্ত হবে।