দেশে সুশাসনের দৃশ্যত অভাব রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজলে হাসান আবেদ
ফজলে হাসান আবেদ

ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ বলেছেন, দেশে সুশাসনের দৃশ্যত অভাব রয়েছে। তবে মন্দ শাসন সত্ত্বেও দেশ অনেক দূর এগিয়েছে। বিভিন্ন খাতে উন্নয়ন হচ্ছে। কিন্তু সে অনুযায়ী দেশের শাসন পদ্ধতির তেমন কোনো উন্নতি হয়নি। বরং শাসনব্যবস্থার অনেক ক্ষেত্রে বেশ অবনতি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ফজলে হাসান প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। অনুষ্ঠানে তিনি আরও বলেন, শাসন পদ্ধতি নিয়ে দেশে অনেক গবেষণা হলেও এ বিষয়ে সচেতনতার অভাবের কারণে মন্দ শাসন দূর হচ্ছে না।
ফজলে হাসান আবেদ বলেন, ‘জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে। ব্র্যাক সারা দেশে এরই মধ্যে ৩৪ হাজার বিদ্যালয় স্থাপন করেছে এবং ৭০ লাখ শিশুকে বিদ্যালয়ে এনেছে, যার ৫০ লাখই মেয়েশিশু। এই অর্জন ধরে রাখতে হলে আমাদের দেশে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’