দেশে স্কিন ব্যাংক প্রতিষ্ঠা সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর কার্যালয়ে গতকাল ‘অ্যাসিড ও অন্যান্য পোড়া রোগীর চিকিত্সায় স্কিন ব্যাংক প্রতিষ্ঠার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত আলোচকেরা । প্রথম আলো
প্রথম আলোর কার্যালয়ে গতকাল ‘অ্যাসিড ও অন্যান্য পোড়া রোগীর চিকিত্সায় স্কিন ব্যাংক প্রতিষ্ঠার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত আলোচকেরা । প্রথম আলো

একজন মানুষ যদি মরণোত্তর চক্ষুদানের মতো স্বেচ্ছায় শরীরের চামড়া বা ত্বক দান করেন, তাহলে তা অন্য একজন অ্যাসিডদগ্ধ বা যেকোনো পোড়া রোগীর জীবন বাঁচাবে। এতে আইনি জটিলতাও নেই। শুধু প্রয়োজন সামাজিক সচেতনতা, মৃত্যুর আগেই চামড়া দানে ব্যক্তিগত সদিচ্ছা ও পরিবারের সহায়তা। এ ধরনের পরিবেশ তৈরি হলে দেশেই একটি ‘স্কিন ব্যাংক’ বা ‘ত্বক ব্যাংক’ প্রতিষ্ঠা করা সম্ভব।
গতকাল সোমবার ‘অ্যাসিড ও অন্যান্য পোড়া রোগীর চিকিৎসায় স্কিন ব্যাংক প্রতিষ্ঠার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আলোচকেরা এভাবেই সবার প্রতি আহ্বান জানান এবং স্কিন ব্যাংক তৈরিতে উদ্যোগ নেওয়ার জন্য আলোচনার সূত্রপাত করেন।
প্রথম আলো ও অ্যাসিড সার-ভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
এএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইফতেখারুজ্জামান বলেন, চামড়া প্রতিস্থাপনের ইতিহাস প্রায় দেড় শ বছরের। ১৯৩৯ সালে প্রথম চামড়া ফ্রিজিং করা শুরু হয়। পাশের দেশ ভারতেই প্রায় এক দশকের বেশি সময় ধরে স্কিন ব্যাংক কাজ করছে। তবে বাংলাদেশে বিষয়টি নিয়ে আলোচনাই হয়নি। সামাজিক বা রাষ্ট্রীয় পর্যায় থেকেও গুরুত্ব পায়নি বিষয়টি। এ ধরনের একটি ব্যাংক তৈরি করতে হলে সরকারকে সঙ্গে নিয়েই তা করতে হবে। সবচেয়ে বেশি প্রয়োজন সর্বস্তরে সচেতনতা তৈরি করা।
ইফতেখারুজ্জামান গোলটেবিল বৈঠকেই নিজের পক্ষ থেকে মরণোত্তর চামড়া দানের ঘোষণা দেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন বলেন, পোড়া রোগীকে বাঁচানোর জন্যই স্কিন ব্যাংক প্রয়োজন। এ ধরনের ব্যাংক থাকলে ৪০ শতাংশের বেশি পুড়ে যাওয়া রোগীকেও বাঁচানো সম্ভব হবে। আঞ্জুমান মুফিদুলে বেওয়ারিশ লাশ থাকে অনেক, সে ক্ষেত্রে এই সংস্থার সঙ্গেও যোগাযোগ করা যায়।
আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ উপপরিচালক নিনা গোস্বামী বলেন, ১৯৯৯ সালের মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে অঙ্গ-প্রত্যঙ্গ বলতে কিডনি, যকৃৎসহ ত্বক বা চামড়াকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ আইনে মৃত্যুর পরে অঙ্গ-প্রত্যঙ্গ দানের বিষয়টিও আছে। তাই এ বিষয়ে আইনে কোনো বাধা নেই। এখন শুধু স্কিন ব্যাংক করার প্রক্রিয়া শুরু করতে হবে। স্কিন ব্যাংক চালু করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ শুরু করতে হবে।
এএসএফের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ বলেন, এএসএফের একটি প্রতিনিধিদল গত বছর ভারতের বিভিন্ন রাজ্যে এ ধরনের স্কিন ব্যাংক পরিদর্শন করে। সেই অভিজ্ঞতার আলোকেই দেশে এ ধরনের একটি ব্যাংক তৈরির উদ্যোগ নেওয়া যায় কি না, এ ক্ষেত্রে সমস্যা বা সম্ভাবনা কী কী আছে, তা চিহ্নিত করার জন্যই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। এ ধরনের একটি ব্যাংক তৈরি এককভাবে কোনো প্রতিষ্ঠানের পক্ষেই সম্ভব নয়। তাই এ ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
গোলটেবিল বৈঠকে এএসএফের পরামর্শক শরীফ হাসান মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, যার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়, তার শরীরের বাকি ৩০ শতাংশ চামড়া দিয়ে ৭০ শতাংশ ঢাকা সম্ভব হয় না। অথচ শরীরের যত বেশি অংশ পুড়বে, তত বেশি শরীর থেকে পানি, লবণ, প্রোটিন ও তাপ শরীর থেকে বের হয়ে যায়। মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। রোগীর ক্ষত দ্রুত চামড়া দিয়ে ঢেকে দিতে পারলে তা মৃত্যুর ঝুঁকি কমায়। মৃত ব্যক্তির চামড়া অন্য যে কাউকে দেওয়া যায়। এ ক্ষেত্রে মৃত্যুর আগে সেই ব্যক্তির সম্মতি প্রয়োজন।
গোলটেবিল বৈঠকের মূল বক্তব্যে বলা হয়েছে, মৃত্যুর ১২ ঘণ্টার মধ্যে এবং ডিপ ফ্রিজে থাকলে ২৪ ঘণ্টার মধ্যে ত্বক সংগ্রহ করতে হবে। স্কিন ব্যাংক তৈরির কারিগরি দিকসহ বিভিন্ন দিক মূল বক্তব্যে তুলে ধরা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, চামড়া দানে কোনো সমস্যা নেই। ১৯৯৯ সালের যে আইনটি আছে, তা সময়োপযোগী করে স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব। এ ক্ষেত্রে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং, সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম বলেন, ‘মানুষের প্রতি সহমর্মিতা দেখানোর বিষয়ে সামাজিক চর্চার গুরুত্ব অনেক বেশি। অনেকেই ভাবেন, জীবনের আর কোনো মূল্য নেই। তখন তিনি অন্যকে কী দিতে পারেন, সে চিন্তা করলে পরিস্থিতি পালটে যায়।’
কিডনি ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক হারুন-আর-রশিদ স্কিন ব্যাংক তৈরির জন্য বিভিন্ন দায়িত্ব দিয়ে কয়েকটি কমিটি গঠনের কথা বলেন। বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনে কর্মরতদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্ব দেন। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে হয়তো অনেকেই চামড়া দিতে রাজি হবেন না, তবে আস্তে আস্তে অবস্থার পরিবর্তন হবে।
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির কোষাধ্যক্ষ তোসাদ্দেক হোসেন সিদ্দিকী বলেন, ‘স্বেচ্ছায় রক্তদানের ক্ষেত্রে বর্তমানে স্বর্ণযুগ চলছে। অথচ এই অবস্থা তৈরির আগে অবস্থাটা ছিল ভয়াবহ। আমাকে দেখলেই অনেকে বলত রক্তচোষা বা চোখ উৎপাটনকারী! এখন আর রক্ত দিতে মানুষকে বলতে হয় না।’
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান আইয়ূব আলী বলেন, অন্যান্য ব্যাংকের মতো স্কিন ব্যাংকও পরে নিজেদের প্রয়োজনেই ব্যবহার করা হবে। এ প্রক্রিয়া অন্য মানুষের জীবন বাঁচানোর একটি প্রক্রিয়া। সঠিকভাবে চামড়া সংরক্ষণ করা হলে তা দুই থেকে পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করা সম্ভব।
আইয়ূব আলী এ ধরনের ব্যাংকের প্রয়োজনীয়তা প্রসঙ্গে আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, পোড়া রোগীর ৭০ শতাংশেরই বয়স ১৫ থেকে ৪০ বছরের মধ্যে। এই বয়সই মূলত আয়-উপার্জনের মূল সময়। তাই এই মানুষদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের স্বার্থেই বাঁচাতে হবে।