দেশে স্নায়বিক রোগ বাড়ছে, চিকিৎসার সুযোগ কম
দেশে বয়স্ক মানুষের স্নায়বিক রোগ, পারকিনসন্সের মতো মস্তিষ্ক ক্ষয়জনিত রোগ বা বিভিন্ন ধরনের ডিমেনসিয়ার প্রকোপ বাড়ছে। স্নায়বিক রোগেই এখন দেশে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে। এসব রোগের চিকিৎসায় দেশে প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও যন্ত্রপাতির মারাত্মক ঘাটতি রয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত স্নায়বিক রোগবিষয়ক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ কথা বলেন। সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশ দু দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করেছে। দেশি-বিদেশি প্রায় ২০০ বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষার্থী এই সেমিনারে অংশ নিচ্ছেন।
স্বাগত বক্তব্যে সোসাইটির সহসভাপতি এম এ হান্নান বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোগের প্রকোপের ক্ষেত্রেও পরিবর্তন দেখা যাচ্ছে। আগে দেশে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হতো হার্ট অ্যাটাকে। পরের স্থানটি ছিল স্ট্রোকের। এখন দেশে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে স্ট্রোকে। তিন বলেন, রোগের প্রকোপের তুলনায় দেশে অবকাঠামো, প্রশিক্ষিত জনবল ও আধুনিক যন্ত্রপাতির স্বল্পতা আছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান বলেন, স্নায়ু বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্নায়ুরোগ চিকিৎসায় বেশি সংখ্যক দক্ষ চিকিৎসক দরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি বিশেজ্ঞ চিকিৎসকদের পরিচয় করিয়ে দেন সোসাইটির মহাসচিব আবু নাসির রিজভি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি ফিরোজে আহমেদ কোরেশি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেসের যুগ্ম পরিচালক মো. বদরুল আলম।