দেশে স্বস্তি ও শান্তির জন্য শেখ হাসিনাকে গণসংবর্ধনা কাল
দেশে স্বস্তি ও শান্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। তিনি বলেন, ‘আমরা মনে করছি, দেশে বর্তমানে সুবাতাস বইছে। গণতন্ত্রের চর্চা অব্যাহত রয়েছে। তাই এ গণসংবর্ধনা।’
গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচা মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সৈয়দ শামসুল হক এসব কথা বলেন।
ভারতের রাজ্যসভা ও লোকসভায় স্থলসীমান্ত চুক্তি বিল সর্বসম্মতভাবে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে সৈয়দ শামসুল হককে আহ্বায়ক করে ২০১ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। সংবর্ধনার প্রস্তুতি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামীকাল শুক্রবার বিকেল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সংবর্ধনা দেওয়া হবে।
সৈয়দ শামসুল হক বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে আগের যেকোনো সময়ের চেয়ে আমরা অনেক বেশি সমৃদ্ধি-প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি এবং তার সুফল ভোগ করছি। সর্বোপরি মানুষ যে গণতন্ত্রের অব্যাহত চর্চার মধ্যে স্বস্তি-শান্তি ও নিরাপত্তার ভেতরে রয়েছে, এটা আমরা লক্ষ্য করছি।’ তিনি বলেন, ‘ইন্দিরা-মুজিব সীমান্ত চুক্তি বাস্তবায়ন হতে চলেছে। এ বিশাল অর্জনের জন্য আমরা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে চাই। একটা স্বীকৃতি দিতে চাই।’
সৈয়দ শামসুল হক বলেন, ‘গণসংবর্ধনায় মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে যাঁরা রয়েছেন, তাঁরা সবাই আমন্ত্রিত। সংবর্ধনায় বিশিষ্ট নাগরিকেরা সরকারের বিভিন্ন অর্জন সম্পর্কে বলবেন। একটি সংগীত পরিবেশিত হবে। দুই ঘণ্টার অনুষ্ঠানের কথা ভাবছি। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, শিল্পী হাশেম খান, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান প্রমুখ।