দেশে স্বাক্ষরতার হার ৫৪ শতাংশ
দেশে বর্তমানে সাক্ষরতার হার ৫৩ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে নারী সাক্ষরতার হার ৫০ দশমিক ২ শতাংশ। আর ৫৬ দশমিক ৯ শতাংশ পুরুষ সাক্ষর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাক্ষরতা মূল্যায়ন জরিপে (২০১১) এই তথ্য পাওয়া গেছে। পরিসংখ্যান ভবনে গতকাল রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে বিবিএসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল বলেন, আনুষ্ঠানিকভাবে জরিপের পূর্ণাঙ্গ তথ্য পেতে আরও কিছুদিন সময় লাগবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমান।কর্মসূচির পরিচালক মোহাম্মদ আবদুল কাদির মিয়া জানান, হার জানতে সাক্ষরতা বিষয়ে ইউনেসকোর মাপকাঠি ব্যবহার করা হয়েছে। জরিপে ১১ থেকে ৪৫ বছর বয়সের জনসংখ্যার সাক্ষরতা পরিমাপ করা হয়।বিবিএস এর আগে ২০০৮ সালে একই ধরনের জরিপ করেছিল। তখন সাক্ষরতার হার ছিল ৪৯ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে নারী সাক্ষরতার হার ছিল ৫০ দশমিক ২ শতাংশ। আর ৪৯ দশমিক ৪ শতাংশ পুরুষ সাক্ষর ছিল। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত তিন বছরের ব্যবধানে দেশে সাক্ষরতার হার বেড়েছে ৪ শতাংশ। এ ক্ষেত্রে নারী সাক্ষরতা বাড়েনি। এ বিষয়ে কাদির মিয়া জানান, ২০০৮ সালে ১১ বছরের ওপর সব বয়সের জনগোষ্ঠীর ওপর জরিপ চালানো হয়। এবার তথ্য সংগ্রহ করা হয়েছে ১১ থেকে ৪৫ বছর বয়সী নারী-পুরুষের। তা ছাড়া ইউনেসকোর মান অনুযায়ী তথ্য সংগ্রহ করায় সাক্ষরতার হার কিছুটা কম হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার মানের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।