দেশে হঠাৎ ডিজেল অকটেনের মজুদ কমে গেছে
দেশে হঠাৎ ডিজেল ও অকটেনের সংকট দেখা দিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের ডিপোতে মজুদ অনেক কমে গেছে। তবে চট্টগ্রামের মূল স্থাপনায় পর্যাপ্ত মজুদ আছে বলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দাবি করেছে। প্রাকৃতিক ও অবকাঠামোগত অসুবিধার কারণে এসব দেশের বিভিন্ন এলাকার ডিপোতে পাঠাতে বিলম্ব হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, বিপিসির নারায়ণগঞ্জের ফতুল্লা-গোদনাইল এবং সেনানিবাসের জরুরি ডিপোর মজুদ থেকে ঢাকায় অকটেনের চাহিদা মেটানো হয়। গতকাল বুধবার বিকেলে ফতুল্লা-গোদনাইল ডিপোতে অকটেন মজুদ ছিল প্রায় ৩০০ মেট্রিক টন। অথচ এই ডিপোতে তিন হাজার টন অকটেন রাখা যায়। জরুরি ডিপোতে ৬০০ টন অকটেন রাখার সুবিধা থাকলেও গতকাল ছিল মাত্র ১১০ টন। সিলেট ও শ্রীমঙ্গলের ডিপোতেও অকটেনের স্বল্পতা রয়েছে।বিপিসির কর্মকর্তারা জানান, পেট্রোবাংলার সিলেটের রশিদপুর গ্যাসক্ষেত্র ঢাকা ও সিলেট অঞ্চলের জন্য যে পরিমাণ অকটেন সরবরাহের কথা ছিল, তা সময়মতো সরবরাহ হয়নি বলে মজুদের স্বল্পতা দেখা দেয়। তাই বিপিসির চট্টগ্রামের ডিপো থেকে গতকাল ও আগের দিন ছোট ছোট ট্যাংকারে করে ঢাকায় অকটেন পাঠানো হয়। গত বছর থেকে রশিদপুর গ্যাসক্ষেত্রের কনডেসেট (গ্যাসক্ষেত্রের তলানি) পরিশোধন করে সীমিত আকারে অকটেন, পেট্রল, ডিজেল ও কেরোসিন উৎপাদন করা হচ্ছে। পরে এসব জ্বালানি তেল বিপিসিকে সরবরাহ করা হয়।রশিদপুর গ্যাসক্ষেত্রের উপমহাব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা নির্ধারিত পরিমাণের চেয়ে সামান্য কম অকটেন সরবরাহ করছি। আমাদের কাছে নতুন স্থাপনা হস্তান্তরের পর জুনের মধ্যে উৎপাদন আরও বাড়বে। অকটেন পরীক্ষার যন্ত্র (টেস্টিং মিটার) নষ্ট হওয়ায় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি থেকে পরীক্ষার ফলাফল পেতে দেরি হচ্ছে। এ কারণে অকটেন পাঠাতে কিছুটা দেরি হচ্ছে। বিপিসির কর্মকর্তারা স্বীকার করেন, দেশের উত্তরাঞ্চলের বাঘাবাড়ী, দক্ষিণাঞ্চলের দৌলতপুরসহ বড়-ছোট সব ডিপোতে ডিজেল মজুদ কমে এসেছে। ডিপো থেকে অস্বাভাবিক হারে ডিজেল উত্তোলনের কারণে এ সংকট হচ্ছে। নদীপথে নাব্যতা সংকট এবং সাগরের উত্তাল অবস্থার কারণে ডিজেল পাঠাতে দেরি হচ্ছে। বিপিসির চেয়ারম্যান মুক্তাদির আলী বলেন, চট্টগ্রামের মূল স্থাপনায় ডিজেল-অকটেনের ভালো মজুদ আছে। তবে তিনি বলেন, ‘আমার অবস্থা এখন দিনে এনে দিনে খাওয়ার মতো। আমদানির তেল মজুদের জন্য ট্যাংকে তোলার আগেই শেষ হয়ে যাচ্ছে।’বিপিসির হিসাবে দেখা গেছে, বর্তমান জেটি ও মজুদ-সুবিধায় জাহাজ থেকে মাসে সর্বোচ্চ আড়াই লাখ টন ডিজেল খালাস করা সম্ভব। অথচ গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তিন লাখ টনের বেশি করে দেশে ডিজেল বিক্রি হয়। এ কারণে ডিজেলের আপৎকালীন মজুদ ধরে রাখা সম্ভব হচ্ছে না।